বালুরঘাট: শীতের দুপুরে ভরশহরে নরকঙ্কাল উদ্ধারকে (Skeleton Recovered) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বালুরঘাটে (Balurghat)। মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরের জোড়া ব্রিজের নিচে খাড়ির জল থেকে একটি সন্দেহজনক কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ (Police)। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় সাধারণ মানুষের ব্যাপক ভিড় জমে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জোড়া ব্রিজের নিচের খাড়ির জলে হঠাৎই হাড়গোড় সদৃশ একটি বস্তু ভাসতে দেখেন স্থানীয়রা। ভালো করে লক্ষ্য করতেই বোঝা যায় সেটি একটি মানুষের কঙ্কাল। জনবহুল এলাকায় এমন দৃশ্য দেখে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জল থেকে কঙ্কালটি উদ্ধার করে তা সরাসরি বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার হওয়া কঙ্কালটি আদৌ মানুষের কি না এবং তা কত পুরনো, তা জানতে ফরেনসিক ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
শহরের মাঝখানে এমনভাবে কঙ্কাল পড়ে থাকার ঘটনায় নানা প্রশ্ন উঠছে। খাড়ির জলে কঙ্কালটি কীভাবে এল বা এর পিছনে কোনো অপরাধমূলক ঘটনা লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত রিপোর্ট এলেই আসল রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
