রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের প্রশাসনিক প্রধানের পদে বড়সড় রদবদল। খুনের মামলায় নাম জড়ানোর পর থেকে গরহাজির বিডিও প্রশান্ত বর্মন (BDO Prashanta Barman)। তাঁর পরিবর্তে আপাতত রাজগঞ্জের বিডিও হিসেবে দায়িত্ব সামলাবেন জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল (Saurav Kanti Mandal)। মঙ্গলবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় নতুন দায়িত্বপ্রাপ্ত বিডিও-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
খুনের মামলায় নাম জড়িয়ে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)-এর মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। আদালতের এই কড়া নির্দেশের পরই প্রশাসনিকভাবে তাঁর পদে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে।
ব্লকের প্রশাসনিক কাজে যাতে কোনও প্রভাব না পড়ে, সেই লক্ষ্যে জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডলকে বিডিও-র দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন দায়িত্বভার গ্রহণের পর বিধায়ক খগেশ্বর রায় (MLA Khageswar Roy) তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। বিধায়ক আশা প্রকাশ করেন যে, নতুন বিডিও-র অধীনে ব্লকের উন্নয়নমূলক কাজগুলি নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলবে।
উল্লেখ্য, বিডিও-র মতো একটি গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকের বিরুদ্ধে খুনের মামলার অভিযোগ এবং আদালতের আত্মসমর্পণের নির্দেশকে কেন্দ্র করে জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, প্রশান্ত বর্মন আপাতত আদালতের আইনি প্রক্রিয়া সামলাবেন এবং সেই সময়কাল পর্যন্ত সৌরভ কান্তি মণ্ডলই রাজগঞ্জের প্রশাসনিক দায়িত্বভার বহন করবেন।
