পঙ্কজ মহন্ত, বালুরঘাট: কালীপুজোর (Kali Puja) রাতে বাড়ির আলো জ্বললেই শুরু হত তাদের আসা। বারান্দার বাতি, রাস্তার ল্যাম্পপোস্ট কিংবা দোকানের আলোর চারপাশে পাক খেতে খেতে উড়ে বেড়াত ঝাঁকে ঝাঁকে শ্যামাপোকা। কখনও নাকে-মুখে ঢুকে বিরক্ত করত, কখনও আবার আলো নিভতেই ঝুপঝুপ করে মাটিতে পড়ত। বিরক্তি ছিল, অভিযোগও ছিল। কিন্তু সেই পোকাগুলিই যে একদিন নস্টালজিয়া হয়ে উঠবে, তা কে জানত! এবার বালুরঘাট (Balurghat) শহরে শ্যামাপোকার সেই চেনা ভিড় প্রায় উধাও। আলো জ্বলছে, উৎসবও হচ্ছে, শুধু নেই প্রকৃতির সেই পুরোনো অতিথিরা।
শহরের মঙ্গলপুর থেকে শিবতলীপাড়া, আবার মালঞ্চা গ্রামের ধানখেত— সর্বত্রই একই আক্ষেপ। বালুরঘাট ব্লকের মালঞ্চা গ্রামের কৃষক বিষ্ণু মণ্ডল বলেন, ‘আগে আলোর দিকে শ্যামাপোকা ঝাঁকে ঝাঁকে উড়ত। এখন একটাও দেখি না।’ প্রবীণদের স্মৃতিতে এখনও উজ্জ্বল সেই রাতগুলো। বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা সুবিমল ভট্টাচার্য বলেন, ‘শ্যামাপোকাহীন শ্যামাপুজো দেখলাম। বুঝতে পারছি না, সভ্যতার ঠিক কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি।’ শিবতলীপাড়ার প্রবীণ অরিন্দম রায়েরও আক্ষেপ, ‘নাকে-মুখে ঢুকত বটে, কিন্তু তাদের ছাড়া কালীপুজো যেন প্রাণহীন। পরিবেশ সত্যিই বদলে যাচ্ছে?’
আসলে শ্যামাপোকা শুধু উৎসবের রাতের অতিথি নয়, ধানখেতের বাস্তুতন্ত্রেরও অংশ। স্থানীয়ভাবে এই নামে পরিচিত সবুজ পাতা ফড়িং বা গ্রিন লিফহপার ধানগাছের পাতা ও কাণ্ডের রস শুষে বেঁচে থাকে। কার্তিক মাসে আমন ধান পাকার সময় তাদের আনাগোনা বাড়ে। রাতের কৃত্রিম আলো তাদের স্বাভাবিক উড়ানের দিকনির্ণয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে। ফলে বাতির চারপাশে চক্কর কাটতে দেখা যায় তাদের।
কিন্তু এদের সংখ্যা কমছে কেন? পরিবেশবিদদের মতে, ধানখেতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ, জলবায়ুর পরিবর্তন, তাপমাত্রা ও আর্দ্রতার ওঠানামা এবং নগরায়ণের মতো একাধিক বিষয় এর পিছনে থাকতে পারে। বিশেষ করে কীটনাশকের প্রভাবে শুধু ক্ষতিকর পোকা নয়, অন্য অনেক উপকারী পতঙ্গও ক্ষতিগ্রস্ত হয়। আবার রাতের অতিরিক্ত কৃত্রিম আলোও পতঙ্গের স্বাভাবিক আচরণে প্রভাব ফেলে।
বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক ডঃ অজয় সরকার বলেন, ‘মানুষের মতোই এই পোকাদেরও বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। তা না পেয়ে তাদের জীবনচক্রে পরিবর্তন ঘটছে, তারা হারিয়ে যাচ্ছে। অতিরিক্ত দূষণ ও জলবায়ুর পরিবর্তনের ফলে শ্যামাপোকা বর্তমানে বিলুপ্তির পথে।’
পরিবেশপ্রেমী কিঙ্কর দাস বলেন, ‘শ্যামাপোকার সংখ্যা ফিরিয়ে আনতে কীটনাশকের ব্যবহার কমানো জরুরি। শ্যামাপোকা না ফেরালে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে। তাই কেবল নস্টালজিয়ার জন্য নয়, পরিবেশের জন্যও এখনই সতর্ক হওয়া দরকার। শহর-গ্রাম মিলিয়ে শ্যামাপোকার সংখ্যা আগের মতো না হলে সমস্যা হতে পারে আগামীতে।’
যে পোকাদের একসময় তাড়াতে আলো নিভিয়ে দিতে হত, আজ তাদের ফেরার অপেক্ষায় আলো জ্বেলে বসে থাকছে মানুষ।

