উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জায়গায় চলছে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে অস্বস্তি বজায় রয়েছে। রাজ্যজুড়ে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখা যাক (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির পর আপাতত লাল সতর্কতা সরিয়ে নেওয়া হয়েছে। তবে বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্যও জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায়। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের তরফে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহর ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।

