Atal Canteen Delhi | দিল্লিতে ৫ টাকায় ভরপেট আহার! বাজপেয়ীর জন্মদিনে দিল্লিতে ‘অটল ক্যান্টিন’-এর সফর শুরু

Atal Canteen Delhi | দিল্লিতে ৫ টাকায় ভরপেট আহার! বাজপেয়ীর জন্মদিনে দিল্লিতে ‘অটল ক্যান্টিন’-এর সফর শুরু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার ‘মা ক্যান্টিন’-এর পর এবার রাজধানী দিল্লি। সাধারণ মানুষ ও শ্রমিক শ্রেণির জন্য নামমাত্র মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে বড় উদ্যোগ নিল দিল্লি সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার শহরে চালু হল ‘অটল ক্যান্টিন’ (Atal Canteen Delhi)।

বৃহস্পতিবার লাজপাত নগরের নেহরু নগরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত (Rekha Gupta)। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)। সরকার জানিয়েছে, রাজধানীতে কেউ যাতে ক্ষুধার্ত না থাকে, সেই লক্ষ্যেই ১০৪ কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দ করে এই প্রকল্প চালু করা হয়েছে।

অটল ক্যান্টিনে খাবারের দাম মাত্র ৫ টাকা। প্রতি প্লেটে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। মেনুতে থাকছে ভাত, ডাল, রুটি এবং সবজি। প্রতি থালায় থাকবে ৬০০ গ্রাম খাবার, যা থেকে মিলবে ৭০০-৮০০ ক্যালোরি ও ২০-২৫ গ্রাম প্রোটিন। প্রতিদিন প্রায় ১ লক্ষ মানুষ এই সুবিধা পাবেন। দিনে দু’বার এখানে খাবার পাওয়া যাবে। সকাল ১১:৩০ থেকে দুপুর ২:০০ এবং সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯:০০ পর্যন্ত।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানান, শহরে ১০০টি ক্যান্টিন চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫টি ইতিমধ্যেই ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে এবং বাকি ৫৫টি আগামী ১৫-২০ দিনের মধ্যে চালু হয়ে যাবে। প্রতিটি ক্যান্টিন থেকে প্রতিদিন প্রায় ১০০০ জনকে খাবার পরিবেশন করা হবে।

খাবারের মান নিয়ে কোনও আপস করা হবে না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে থাকছে বিশেষ ব্যবস্থা। ডিজিটাল টোকেন ও সিসিটিভি দ্বারা প্রতিটি লেনদেন ও কাজের ওপর নজরদারি চলবে। খাবারের গুণমান পরীক্ষা করবে FSSAI এবং ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড (NABL)। টেন্ডারের মাধ্যমে ১১টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি প্রায় ৭০০ জনের কর্মসংস্থান হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, “পাঁচ টাকা রাখা হয়েছে প্রতীকী হিসেবে, যাতে উপভোক্তাদের সম্মান বজায় থাকে এবং খাবারের অপচয় না হয়।” কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টরও এই উদ্যোগের প্রশংসা করে জানান, সুশাসনের মাধ্যমেই দিল্লির সাধারণ মানুষের অন্নের সংস্থান নিশ্চিত করছে বিজেপি সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *