উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অসমের (Assam) গোলাঘাট জেলার এক চা বাগানে গলায় ট্রাক্টরের বিশাল টায়ার আটকে থাকা একটি বুনো হাতিকে ঘুরতে দেখা গেল। বৃহস্পতিবার বোকিয়াল চা বাগান এলাকায় হাতিটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই অস্বাভাবিক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বন্যপ্রাণীপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাবার ও আশ্রয়ের খোঁজে বুনো হাতিটি (Elephant) লোকালয় ও চা বাগানের আশপাশে ঘুরে বেড়াচ্ছিল। বন বিভাগের প্রাথমিক অনুমান, জঙ্গলে কোথাও ফেলে দেওয়া কোনো ট্রাক্টরের টায়ার কৌতূহলবশত শুঁড় দিয়ে তুলতে গিয়ে অসাবধানতাবশত হাতিটির গলায় আটকে যায়। হাতিটির এই অসহায় অবস্থার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, যা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। মানুষ ও বুনো হাতির সংঘাতের জেরে সংবেদনশীল এই এলাকায় বন দপ্তরের তৎপরতাও বাড়ানো হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর খুমতাইয়ের বিধায়ক মৃণাল সাইকিয়া (Mrinal Saikia) দ্রুত ঊর্ধ্বতন বন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং অবিলম্বে ঘটনাস্থলে একটি বিশেষ দল পাঠানোর ব্যবস্থা করেন। হাতিটি ইতিমধ্যেই যথেষ্ট অস্বস্তিকর অবস্থায় রয়েছে বলে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং হাতির খুব কাছাকাছি গিয়ে উত্যক্ত না করার অনুরোধ জানিয়েছেন।
বন দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাতিটির গতিবিধির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। হাতিটির শারীরিক অবস্থা ও পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত এবং নিরাপদ উপায়ে ওই টায়ারটি কেটে বা খুলে ফেলার পরিকল্পনা করছে বনকর্মীরা।

