উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : বুধবার শুটিংয়ের মিক্সড ট্র্যাপ ইভেন্টে সোনা জিতলেন ভারতের নীরু ধান্দা এবং কিনান চেনাই। কোয়ালিফিকেশন পর্বে চতুর্থ স্থানে শেষ করলেও ফাইনালে দুর্দান্ত ছিল এই জুটি। ফাইনালে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে এশিয়াডে নতুন রেকর্ড গড়ে সোনা জিতে নিয়েছেন তাঁরা। একসময় তালিকার নীচে চলে গেলেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কাতারকে মাত্র এক পয়েন্টে পরাস্ত করে সোনা জেতেন নীরু ও কিনান। শুটিংয়ে এই জয়ের ফলে বুধবার একই দিনে তিনটি সোনা জিতল ভারত।
সকালে কোয়ালিফিকেশন রাউন্ডে চিন (১৪২), কাতার (১৩৯) এবং ইরানের (১৩৮) পিছনে থেকে ১৩৬ স্কোরে চতুর্থ হয়ে মেডেল রাউন্ডে উঠেছিল ভারত। খেলা শুরু হতেই অন্য মেজাজে ধরা দেন কিনান ও নীরু। ইরান ছিটকে যাওয়ার পর ভারতের পদক নিশ্চিত হয়। এরপর শুরু হয় সোনা জয়ের লড়াই। প্রথম সিরিজের চারটি ভুল ছাড়া সোনা নিশ্চিত হওয়া পর্যন্ত আর একবারের জন্যও লক্ষ্যভ্রষ্ট হননি নীরু ও কিনান। হাড্ডাহাড্ডি লড়াই চলে ভারত ও কাতারের মধ্যে। শেষ পর্যন্ত ৩৪ পয়েন্টে ম্যাচ শেষ করে সোনা নিশ্চিত করেন ভারতীয় জুটি।
