অমৃতা দে, দিনহাটা: আশা বর্মন সরকার, শেফালি ভৌমিক, টুম্পা সরকার, মাম্পি দেবনাথদের এখন দম ফেলার ফুরসত নেই। সকালে দক্ষ হাতে বাড়ির সমস্ত কাজ সামলান এই হোমমেকাররা। তারপরেও রেহাই নেই। পুজোর আয়োজনের জন্য ছুটতে হবে যে। পুজোর জন্য চাঁদা সংগ্রহ করা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে পুজোর জন্য প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করা, সবই তাঁরা নিজেরাই করেন (Durga Puja 2026)।
দিনহাটার আটিয়াবাড়ি ‘মহিলা সমন্বয়া দুর্গাপুজো কমিটি’র পুজোর এবছর ১৭তম বর্ষ। মহিলা সমন্বয়া কমিটির সম্পাদিকা সুমিতা সরকার বলেন, ‘এই পুজোর সমস্ত কাজই আমরা মহিলারা মিলে করি। পুজোর পর পাড়ার মহিলাদের জন্য বিশেষ আয়োজন করা হয়। পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে প্রসাদ বিতরণ সবকিছু আমরা নিজেরাই করি।’
পুজো প্রস্তুতি শুরু হলেই কমিটির সদস্যারা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেন। পাড়ায় পাড়ায় চাঁদা সংগ্রহের পাশাপাশি, প্রয়োজনীয় নথি বিভিন্ন সরকারি দপ্তরে জমা দেওয়া, পুজোর জন্য কী কী কিনতে হবে সেই সামগ্রীর তালিকা তৈরি- কাজ তো কম নয়। তাই তাঁরা পুজো প্রস্তুতির শুরতেই নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেন। ঢাকি ঠিক করা থেকে শুরু করে মণ্ডপে প্রতিমা আনা সব দায়িত্ব কমিটির সদস্যারা হাসিমুখে পালন করেন।
উদ্যোক্তা রিয়া সাহা বলেন, ‘পুজো প্রস্তুতির এই সময়টা আমাদের খুব আনন্দে কাটে। সবাই একসঙ্গে কাজ করি। পুজো দেখে মানুষ যখন প্রশংসা করে তখন মনে হয় আমাদের পরিশ্রম সার্থক।’
পুজো যত এগিয়ে আসছে, এই পুজোর উদ্যোক্তাদের ব্যস্ততা ততই বাড়ছে। কোনও কাজ বাকি থাকল কি না, কমিটির সদ্যস্যারা সবাই বারবার সেটা মিলিয়ে নিচ্ছেন। উমার বোধনের আয়োজনে কোনও ফাঁক রাখতে চাইছেন না রক্তমাংসের ‘দশভুজা’রা।

