উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিল ভারত। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয়েছিল পাকিস্তান। তবে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে কোনও অসুবিধাই হল না ভারতের। ম্যাচের তম ওভারেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল ভারতীয় দল।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার। তবে ব্যাটিং করতে নেমে এদিন প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। শিবম দুবের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৫৮ রান করেন তিনি। সাইম আয়ুবের ব্যাট থেকে আসে ১৭ বলে ২১ রানের ইনিংস। ইনিংসের শেষদিকে ৮ বলে ২০ রানের ইনিংস খেলেন ফাহিম আশরাফ। এছাড়া আর কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে না পারলেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমেই মারমুখী মেজাজে পাক বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা শুরু করেন দুই ভারতীয় ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মা। আউট হওয়ার আগে শুভমানের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস। এরপর ব্যাট করতে নেমে শুন্য রানেই আউট হয়ে যান সূর্যকুমার। কিন্তু তারপরেও আটকানো যায়নি ‘অভিষেক ঝড়’। আউট হওয়ার আগে ৩৯ বলে ৭৪ রানের ইনিংসে ম্যাচ জেতার ভিত গড়ে দিয়ে যান তিনি। এরপর খেলার হাল ধরেন তিলক বর্মা ও সঞ্জু স্যামসন জুটি। তবে ১৭ বলে ১৩ রান করে আউট হয়ে যান সঞ্জু। এরপর ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। শেষপর্যন্ত এই হার্দিক-তিলক জুটির ওপর ভর করেই জয়ের দোরগোড়ায় পৌছে যায় ভারতীয় দল। ১৯ বলে ৩০ রান করে অপরাজিত থেকে যান তিলক বর্মা।
