উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত সার্জিও গর (Sergio Gor) আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ‘দুর্দান্ত বৈঠক’ নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতীয় রপ্তানির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের জেরে ভারত-মার্কিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন এখনও অব্যাহত, তবুও গরের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে ইতিবাচক বার্তাই দিয়েছে।
সিনেট কর্তৃক নিয়োগ নিশ্চিত হওয়ার পর রাষ্ট্রদূত-মনোনীত সার্জিও গর তাঁর প্রথম মন্তব্যে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার অবিশ্বাস্য বৈঠক হয়েছে। আমরা বাণিজ্য, অত্যাবশ্যক খনিজ এবং প্রতিরক্ষা নিয়ে আলোচনা করেছি।” গর মার্কিন ডেপুটি সেক্রেটারি ফর ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস মাইকেল জে রিগাসের সঙ্গে ছয় দিনের সফরে দিল্লিতে এসেছেন। আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও আলোচনা হয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী মোদিও এক্স (পূর্বের টুইটার)-এ নতুন মার্কিন দূতকে স্বাগত জানিয়েছেন বলেন, “ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত-মনোনীত মি. সার্জিও গরকে পেয়ে আমি আনন্দিত। আমি আত্মবিশ্বাসী যে, তাঁর কার্যকাল ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।” মোদি তাঁর পোস্টে ট্রাম্পের সঙ্গে তাঁর একটি ফ্রেমে বাঁধানো ছবিও শেয়ার করেন।
প্রসঙ্গত, ৩৮ বছর বয়সী সার্জিও গর ভারতে নিযুক্ত সর্বকনিষ্ঠ মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি পূর্বে হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিসের ডিরেক্টর ছিলেন এবং দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করবেন।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে নিয়ে এসেছে। যার মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। ভারত এই পদক্ষেপকে ‘অন্যায় ও অযৌক্তিক ‘ বলে অভিহিত করেছে। এই সমস্যা থাকা সত্ত্বেও, সার্জিও গর জানিয়েছেন যে, ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে “একজন মহান এবং ব্যক্তিগত বন্ধু” মনে করেন। এই আবহে মোদি এবং ট্রাম্পের মধ্যে হওয়া সাম্প্রতিক কথোপকথনগুলি দুদেশের মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনায় ইতিবাচক ফলাফলের প্রত্যাশাও বাড়িয়েছে।
