উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত এসআইআর (SIR) ইস্যুতে রাজধানী দিল্লিতে শুরু হওয়া ‘যন্তর মন্তর ২.০’ আন্দোলন ঘিরে চরম উত্তেজনা ছড়াল। সিজেপি (CJP) ও বামপন্থী দলগুলির পাশাপাশি এই আন্দোলনে এবার সরাসরি পথে নামল আম আদমি পার্টিও (AAP)। শনিবার দিল্লির লোধি এস্টেটের বাইরে থেকে ‘আপ’ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করল দিল্লি পুলিশ (Arvind Kejriwal Detained)।
দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসা সাধারণ কর্মী-সমর্থক ও প্রতিবাদীদের ওপর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই আন্দোলন ঘিরে কমপক্ষে ১৭০০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর মাঝেই কনট প্লেসের হনুমান লেন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৬ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর মিলেছে।
এসআইআর বিতর্কের জেরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁর গ্রেপ্তারের জোরালো দাবি তুলেছে ককরোচ জনতা পার্টি। সিজেপির এই পূর্বঘোষিত কর্মসূচিকে সমর্থন জানিয়ে ইন্ডিয়া (INDIA) জোটের শরিক দলগুলিও এদিন পথে নামে। শনিবার সকাল থেকেই যন্তর মন্তর ও রাজধানীর একাধিক হাই-প্রোফাইল এলাকায় বিক্ষোভের জেরে তীব্র যানজট ও অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এর আগে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা সহ একাধিক শীর্ষ নেতাকে পুলিশ আটক করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
The submit Arvind Kejriwal Detained | যন্তর মন্তরে বাড়ছে আন্দোলনের উত্তাপ; লোধি এস্টেটের বাইরে থেকে দিল্লি পুলিশের হাতে আটক আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল appeared first on Uttarbanga Sambad.
