উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছে (Instagram Restricted) বলে অভিযোগ তুললেন আম আদমি পার্টি (AAP)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে তিনি একথা জানান। নিজের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও মেটা (Meta) কর্তৃপক্ষকে নিশানা করেছেন কেজরিওয়াল। তাঁর দাবি, কেন্দ্রের চাপেই এমনটা করেছে মেটা।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ভারতে কেন ব্লক করা হয়েছে, সে বিষয়ে মেটার ভারতের দপ্তরে বারবার যোগাযোগ করেও কোনও সদুত্তর মেলেনি। ইমেলের জবাবেও মিলেছে স্রেফ বাঁধা ধরা উত্তর। অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট শেয়ার করে কেজরিওয়াল ক্ষোভ উগরে দিয়ে মেটা কর্তৃপক্ষের উদ্দেশে লেখেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর সামনে এতটা নতিস্বীকার করবেন না। নয়তো একদিন উনি মেটাকে ভারতে শুধু নিজের অ্যাকাউন্টই চালাতে দেবেন।’ তবে কিছু ব্যবহারকারীর দাবি, প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল দেখা যাচ্ছিল।
উল্লেখ্য, মাত্র একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও ভুলবশত রিস্ট্রিক্ট করার জন্য সংসদে মেটার শীর্ষ আধিকারিক জোয়েল কাপলান প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। তার ঠিক পরেই বিরোধী শিবিরের শীর্ষ নেতার অ্যাকাউন্টে এমন বিধিনিষেধ আরোপের ঘটনায় মেটার নিরপেক্ষতা নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠছে। সম্প্রতি ই-২০ (E20) পেট্রোল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক সোচ্চার পোস্ট করেছিলেন কেজরিওয়াল। পুরো বিষয়টি নিয়ে প্রযুক্তি সংস্থা মেটার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বা স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিরোধীদের অভিযোগ, কেন্দ্র সরকারের সমালোচনা বন্ধ করতেই সংস্থাগুলির ওপর অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে।

