Arjun Singh | এবার সরকারি বাসের নতুন রং ‘গেরুয়া’, জল্পনায় সিলমোহর পরিবহণমন্ত্রীর

Arjun Singh | এবার সরকারি বাসের নতুন রং ‘গেরুয়া’, জল্পনায় সিলমোহর পরিবহণমন্ত্রীর

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্যের সরকারি বাসের চেনা নীল-সাদা রঙের বদলে এবার আসতে চলেছে গেরুয়া রঙের বাস। গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে যে জল্পনা চলছিল, মঙ্গলবার তাতে সরকারি সিলমোহর দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তিনি জানিয়েছেন, রাজ্যের নতুন সরকারি বাসগুলির রং হবে গেরুয়া।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিং পুরনো রাজনীতির রঙের সঙ্গে নতুন সিদ্ধান্তের তুলনা টানেন। তিনি বলেন, “সিপিএমের সময় বাসের রং ছিল লাল, তৃণমূলের আমলে তা নীল-সাদা করা হয়েছিল। লাল মানে তো ডেঞ্জারার্স (বিপজ্জনক) আর নীল-সাদা মানেই চুরির প্রতীক। গেরুয়া হলো ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী। সেই ত্যাগের আদর্শকে সামনে রেখেই নতুন সরকারি বাসগুলোকে গেরুয়া রঙে সাজানো হবে।”

গত সপ্তাহেই এসি-৫৮ রুটের একটি বাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে চেনা নীল-সাদার বদলে দেখা গিয়েছিল উজ্জ্বল গেরুয়া রঙের সরকারি বাস। এছাড়াও টালিগঞ্জের ডাব্লিউবিটিসি (WBTC) ডিপোতেও গেরুয়া রঙের সরকারি বাসের ছবি ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা চলছিল। মন্ত্রীর বক্তব্যের পর এখন এটি স্পষ্ট যে, নতুন আসা সব সরকারি বাসই এই রঙের হবে।

রাজ্যে বিজেপি সরকার আসার পর পরিবহণ ব্যবস্থায় একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনা। প্রায় ৭০টি বন্ধ হয়ে যাওয়া ট্রাম রুট পুনরুজ্জীবিত করার পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত নতুন ট্রাম রুট তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়াও সল্টলেক, নিউ টাউন এবং বিভিন্ন ধর্মীয় পর্যটন করিডরে ট্রাম লাইন সম্প্রসারণের রূপরেখাও প্রস্তুত করা হয়েছে। সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি এবং বন্ধ থাকা রুটগুলোকে পুনরায় চালু করার দিকেও জোর দিচ্ছে পরিবহণ দপ্তর।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাস ও ট্রামের এই রং পরিবর্তন এবং আধুনিকীকরণের মাধ্যমে রাজ্য সরকার একদিকে যেমন পরিবহণ পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে চাইছে, অন্যদিকে গেরুয়া রঙের ব্যবহারের মাধ্যমে নিজস্ব রাজনৈতিক আদর্শকে প্রশাসনিক স্তরেও প্রতিফলিত করতে চাইছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *