উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার সাত সাংসদ দল ছাড়ার পর পঞ্জাবে আম আদমি পার্টি (APP) সরকার সংকটে পড়ার যে জল্পনা তৈরি হয়েছিল, আস্থা ভোটে জিতে তার যোগ্য জবাব দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। ১১৭ সদস্যের পঞ্জাব বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে আপাতত স্বস্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দল।
সম্প্রতি রাঘব চাড্ডা (Raghav Chadha)-সহ সাতজন রাজ্যসভা সাংসদ আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পঞ্জাব রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। হরিয়ানার প্রাক্তন আপ সভাপতি নবীন জয়হিন্দ দাবি করেছিলেন, পঞ্জাবের ২৮ জন বিধায়কও দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল যে, পঞ্জাবেও কি তবে দিল্লির মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে? ৪০ থেকে ৬৫ জন বিধায়ক দলবদল করতে পারেন—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।
এই সমস্ত নেতিবাচক খবর ও বিভ্রান্তি দূর করতে বিধানসভায় আস্থা ভোটের ডাক দেন মুখ্যমন্ত্রী। বর্তমানে ১১৭ আসনের বিধানসভায় আপ-এর বিধায়ক সংখ্যা ৯৪। ভোটাভুটিতে দেখা যায়, দলের সংহতি অটুট রয়েছে। জয়ের পর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, “শোনা যাচ্ছিল আমাদের অসংখ্য বিধায়ক দল ছেড়ে চলে যাচ্ছেন। আজ সেই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটল। সাধারণ মানুষের মনে যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছিল, এই জয় তার মোক্ষম জবাব।”
চলতি মাসের শুরুতে রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে অশোক মিত্তলকে আনা হয়েছিল। কিন্তু দুজনেই শেষ পর্যন্ত পদ্ম শিবিরে নাম লেখানোয় আপ-এর অন্দরে অস্বস্তি বেড়েছিল। তবে বিধানসভায় এই বড় জয় প্রমাণ করল যে, রাজ্যসভার সাংসদরা দল ছাড়লেও পঞ্জাব বিধানসভায় আপ-এর ভিত এখনও যথেষ্ট শক্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় আপ শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।
