উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে চরম হেনস্তার শিকার হলেন বীরভূমের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট) (Anubrata Mandal)। বুধবার বিকেলে সিউড়ির তৃণমূল কার্যালয়ে ঢুকে তাঁকে বসিয়ে রেখেই ব্যাপক ভাঙচুর চালাল জনা কয়েক যুবক। হাতে গাছের ডাল ও লাঠি নিয়ে অফিসে ঢুকে কেষ্টকে লক্ষ্য করে কটূক্তি করার পাশাপাশি ঘরের চেয়ার-টেবিল ও বাতানুকূল যন্ত্র (AC) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙচুরের সময় টেবিলের কাচ ঠিকরে এসে লাগে অনুব্রতের মুখে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সিউড়ির ওই দলীয় কার্যালয়ে গিয়ে বসতে শুরু করেছিলেন মমতার একসময়ের স্নেহভাজন কেষ্ট। বুধবার বিকেলে হঠাৎই গাছের ডাল ও লাঠি হাতে কয়েকজন যুবক সটান তাঁর অফিসে ঢুকে পড়েন। যুবকদের বলতে শোনা যায়, গত ১৫ বছর ধরে বীরভূমবাসীর উপর প্রচুর অত্যাচার চালিয়েছেন অনুব্রত। তাঁকে ‘গোরুচোর’ বলে কটাক্ষও করা হয়।
পরিস্থিতি আয়ত্তে আনতে অনুব্রত তাঁদের শান্ত করার চেষ্টা করেন এবং বলেন, ‘‘আমার একটা কথা শোন।’’ কিন্তু আক্রমণকারী যুবকেরা তাঁর কথা শুনতে নারাজ ছিলেন। উল্টে এক যুবক জবাব দেন, ‘‘আর একটা কথাও না।’’ কথা বলতে বলতে তাঁর সামনের টেবিলে গাছের ডাল দিয়ে সজোরে আঘাত করেন ওই যুবক। টেবিলের কাচ ভেঙে ছিটকে এসে লাগে অনুব্রতের গায়ে ও মুখে। তবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও নিজের মুখে মৃদু হাসি বজায় রেখেই চেয়ারে বসে থাকতে দেখা যায় তাঁকে। আক্রমণকারীদের থামানোর চেষ্টা করলেও তাঁরা তা শোনেননি। দিনেদুপুরে প্রকাশ্য কার্যালয়ে দলের হেভিওয়েট নেতার এই হেনস্তার ঘটনায় গোটা জেলায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ও শোরগোল শুরু হয়েছে।
The submit Anubrata Mandal | চেয়ার-টেবিল, এসি ভেঙে চুরমার! সিউড়িতে তৃণমূল অফিসে ঢুকে অনুগামীদের সামনেই অনুব্রত মণ্ডলকে চরম হেনস্তা একদল যুবকের appeared first on Uttarbanga Sambad.
