শিলিগুড়িঃ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন অমিত শা (Amit Shah)। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং সাংসদরা। ইতিমধ্যেই সেখান থেকে তিনি কদমতলা বিএসএফ ক্যাম্পের দিকে রওনা দিয়েছেন।
উল্লেখ্য, উত্তরবঙ্গ দিয়ে শা’র রাজ্য সফর শুরু হচ্ছে। শনিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রধান ও রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখতে যাওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছাবেন শা। রাজ্য সরকারের সৌজন্য অতিথিশালায় কাটিয়ে রবিবার দিনভর দফায় দফায় রাজ্যের আইনশৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে রাজ্য ও জেলার পুলিশ, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

