পার্টির অভ্যন্তরে যৌন হেনস্তার ঘটনা নিয়ে এবার আরও কঠোর অবস্থান নিতে চলেছে বঙ্গ সিপিএম। অভিযোগ প্রমাণিত হলে আর সংশোধনের সুযোগ দিতে নারাজ আলিমুদ্দিন। এতদিন সাংগঠনিক শাস্তির পাশাপাশি অভিযুক্তদের সংশোধনের সুযোগ দেওয়ার যে রীতি ছিল, তা থেকে সরে আসার ভাবনা রয়েছে দলের নেতৃত্বের। যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগের প্রমাণ মিললে সরাসরি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষেই মত তৈরি হচ্ছে। একের পর এক শীর্ষনেতার বিরুদ্ধে এমন অভিযোগ আসার পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদের মধ্যেও এই প্রবনতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেও সূত্রের খবর। সম্প্রতি, ডিওয়াইএফআই-এর কলকাতার এক শীর্ষ নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এসেছে।
বস্তুত, দলের নেতাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নতুন নয়। ২০১২ সালে কোঝিকোর পার্টি কংগ্রেসে প্রথম বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেছিলেন তৎকালীন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। ২০১৫ সালে বিশাখাপত্তনম পার্টি কংগ্রেসে বিষয়টি নিয়ে সরব হন তিনি। এমনকী, পার্টি কংগ্রেসের সম্পাদকীয় প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। যদিও সে সময় বাংলা থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি পার্টির অভ্যন্তরে গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন। এরপরে বাংলা থেকেও একের পর এক অভিযোগ সামনে আসে। বঙ্গ সিপিএমের অভ্যন্তরে একাধিক যৌন হেনস্তার অভিযোগ দলকে নাড়িয়ে দেয়। অভিযোগ ওঠার পর সাংগঠনিক পদক্ষেপের ধরন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে দলের ভিতরেই আলোচনা হয়। এবার সেই অভিজ্ঞতা থেকেই আরও কঠোর নীতি গ্রহণের পথে হাঁটতে চাইছে আলিমুদ্দিন। এই বিষয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি জানান, কারও বিরুদ্ধে অভিযোগ এলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় না। তবে কেউ ছাড় পান না।
আরও পড়ুন:
পার্টি নেতৃত্বের ভাবনা, যৌন হেনস্তার অভিযোগকে কোনওভাবেই হালকাভাবে দেখা যাবে না। অভিযোগের যথাযথ তদন্ত করে তা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সংশোধনের নামে দ্বিতীয় সুযোগ দেওয়ার প্রশ্নও থাকবে না। নারী সদস্যদের নিরাপত্তা ও সংগঠনের মর্যাদা রক্ষায় এই কঠোর অবস্থানকে সাংগঠনিক নীতিতে পরিণত করতে চাইছেন বঙ্গ সিপিএমের নেতারা। আগামী বছরের শেষ থেকে পার্টির সাংগঠনিক সম্মেলন শুরু হবে। ২০২৮ সালে হবে রাজ্য সম্মেলন ও পার্টি কংগ্রেস। তখনই পার্টির প্রত্যেকটি স্থরে বিষয়টি নিয়ে নিচুতলা থেকে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
