আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলাজুড়ে ক্রমবর্ধমান মাদক পাচারের বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। সম্প্রতি আলিপুরদুয়ার জেলা পুলিশের থেকে পাওয়া একটি তথ্য বলছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে জেলায় মাদকের মামলা প্রায় দ্বিগুণ হয়েছে। এক বছরে মাদক সংক্রান্ত অপরাধও বিপুল হারে বেড়েছে।
২০২৩ সালে জেলায় এনডিপিএস অ্যাক্টে মোট ৩১টি মামলা রুজু করা হয়েছিল। ২০২৪ সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৭০। এগুলির মধ্যে বেশিরভাগ মামলাই বর্তমানে বিচারাধীন। ফলে জেলা পুলিশের নিজেদের হিসেবেই বিষয়টি স্পষ্ট যে জেলায় মাদক কারবার সম্প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় সেই ছবি ধরাও পড়ছে ক্রমাগত।
রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আলিপুরদুয়ার জেলায় মাদক ঢোকার সুযোগ রয়েছে। সিডেটিভ ড্রাগ, কাফ সিরাপ, ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশায় যুবসমাজ বুঁদ। বেশকিছু এলাকা রীতিমতো মাদকের আড্ডা হয়ে উঠেছে। তার মধ্যে আছে আলিপুরদুয়ার শহর, কালচিনি ব্লকের জঁয়গা সহ আরও নানা জায়গা। পাশাপাশি ভুটানের কাছে হওয়ায় সেখানকার মাদকও জেলায় আমদানি হয়। জঁয়গা রুট ধরে ভুটানেও চলে সেই কারবার। যদিও এই বেআইনি আমদানি-রপ্তানি আটকাতে বিভিন্ন সময় পুলিশের অভিযানও চলে। কখনও ছোট গাড়ি, বাইক বা বাসে করে মাদক পাচারের সময় পুলিশের জালে ধরাও পড়ছে অনেকে। এছাড়া নানা এলাকায় নজরে এসেছে পপি চাষ। ট্র্যাক্টর দিয়ে সেগুলিও নষ্ট করতে তৎপর প্রশাসন।
এবিষয়ে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘আলিপুরদুয়ার জেলায় মাদকের কারবার আটকাতে গত বছর প্রচুর অভিযান চালানো হয়েছিল। তাতেই সাফল্য মিলেছে। জেলা থেকে মাদক কারবারের শিকড় একেবারে উপড়ে ফেলে যুবসমাজকে বাঁচানোই পুলিশের মূল লক্ষ্য।’ এছাড়া প্রচুর মাদক দ্রব্য জেলায় ঢোকার আগেই আটকাতে পেরেও খুশি জেলা পুলিশের কর্তারা। তাদের দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালানো হয়। বিভিন্ন জায়গায় মাদক সহ পাচারকারীদেরও গ্রেপ্তার করা হয়। ফলে উল্লেখযোগ্যভাবে মামলাও বেড়েছে জেলায়। ২০২৩ সালে মাদক মামলায় জেলায় বিভিন্ন থানা এলাকায় মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছিল আলিপুরদুয়ার পুলিশ। ২০২৪ সালে ১৩১ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ২৫ জন জামিন পেয়েছে এবং বাকি সবাই বর্তমানে জেল হেপাজতে রয়েছে। এবিষয়ে আদালতে ট্রায়ালও চলছে।
মাদকের বিশাল সাম্রাজ্য তৈরির চেষ্টা হলেও পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে কড়া ব্যবস্থা নিচ্ছে জেলার পুলিশ-প্রশাসন। এর ফলেই গত বছরের তুলনায় অনেক বেশি পরিমাণ মাদক আটক করা গিয়েছে বলে মত পুলিশ আধিকারিকদের। গত বছরের মতো ২০২৫-এর শুরু থেকেও বেআইনি মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। গত দেড় মাসেই ১১টি মামলা রুজু করেছে জেলা পুলিশ। ১০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। মাদক সরবরাহ আটকাতে বছরের বাকি সময়েও যে এমন অভিযান চলবেই তা প্রায় নিশ্চিত করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ।
