প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: ২ জানুয়ারি বই দিবস পালিত হয়। তার আগেই প্রাথমিক স্কুলগুলিতে নতুন পাঠ্যপুস্তক দেওয়ার কথা। বাংলামাধ্যম প্রাথমিক স্কুলের পড়ুয়ারা ডিসেম্বরে নতুন বই হাতে পেয়েছে। কিন্তু ইংরেজিমাধ্যম (English Medium) স্কুলগুলিতে তা হয়নি। জানুয়ারি শেষ হতে চলেছে, অথচ সংশ্লিষ্ট পড়ুয়াদের এক-তৃতীয়াংশই কয়েকটি পাঠ্যপুস্তক পেয়েছে। অনেক পড়ুয়াই বাধ্য হয়ে অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে পড়াশোনা চালাচ্ছে। স্কুলগুলিও পুরোনো বই দিয়ে ঠেকা কাজ চালাচ্ছে।
বেশিরভাগ পড়ুয়াই নতুন পাঠ্যপুস্তক না পাওয়ায় সমস্যায় পড়েছে সংশ্লিষ্ট স্কুলগুলি। এই কারণেই তারা বই দিবস পালন করেনি বলে অভিযোগ। বইয়ের অভাবে পঠনপাঠনে প্রভাব পড়ছে। অভিভাবকরাও ক্ষুব্ধ। এক অভিভাবকের কথায়, ‘সরস্বতীর চরণে নতুন বই ছোঁয়ানোর রীতি রয়েছে। তবে এখনও নতুন বই মেলেনি। পুরোনো পাঠ্যপুস্তকই ভরসা।’
আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় চারটি ইংরেজিমাধ্যম স্কুলের মধ্যে তিনটি আলিপুরদুয়ার শহরে। শান্তিনগর আরআর প্রাথমিক বিদ্যালয়, ম্যাক উইলিয়াম আরআর এবং কলেজিয়েট হাইস্কুল। সব স্কুলে একই অভিযোগ। এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) লক্ষ্মণা গোলের সঙ্গে ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। তবে ডিপিএসসি’র চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন, ‘ইংরেজিমাধ্যমের বই কিছু দেওয়া হয়েছে। ধাপে ধাপে বাকি বই দেওয়া হবে।’
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতদিনেও কেন বই দিতে পারল না, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। এই উদাসীনতার জবাবদিহিও দাবি করছেন অনেকে। এ বিষয়ে শান্তিনগর আরআর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুভ্রা ঘোষ বলেন, ‘নতুন পাঠ্যপুস্তক অল্প সংখ্যক এসেছিল। তা কয়েকজন পড়ুয়াকে দিতেই বাকি অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। এমনকি এতে অনেক তিক্ত অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে আমাদের।’ আলিপুরদুয়ার কলেজিয়েট হাইস্কুলের টিআইসি প্রিয়াংকা ভৌমিকের মন্তব্য, ‘এসআই অফিসে খোঁজ নিয়েছি। শীঘ্রই পাঠ্যপুস্তক দেওয়া হবে বলে জানা গিয়েছে।’
পাঠ্যপুস্তকের ঘাটতি মেটাতে স্কুল কর্তৃপক্ষ অবশ্য পুরোনো বই সংগ্রহ করে পঠনপাঠন চালিয়ে যাচ্ছে। যদিও এই পরিস্থিতি লজ্জাজনক বলে মন্তব্য করছেন অনেক অভিভাবকই। কলেজিয়েট হাইস্কুলে ১৬০ জনের মতো পড়ুয়া রয়েছে। নতুন পাঠ্যপুস্তক না আসায় পুরোনো বই ভরসা সেখানে। ম্যাক উইলিয়াম আরআর প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ও বাংলামাধ্যম একসঙ্গে রয়েছে। প্রায় ৩৭৬ জন পড়ুয়া। তার মধ্যে ইংরেজিমাধ্যমের ১৫০ জন পড়ুয়া বই পায়নি বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
