Al-Qaeda Focused India | ৯/১১ হামলার আগেই লাদেনের নিশানায় ছিল ভারত! সিআইএ-র রিপোর্টে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের হামলার (9/11 terror assault) বহু আগে থেকেই ভারতকে নিজেদের নাশকতার নিশানায় রেখেছিল ওসামা বিন লাদেনের (Osama Bin Laden) জঙ্গি সংগঠন আল কায়েদা (Al-Qaeda Focused India)। সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র (CIA) প্রকাশিত এক গোপন নথিতে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ১৯৯৮ সালের ২৮ অগাস্ট তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে পাঠানো সিআইএ-র একটি দৈনিক গোয়েন্দা ব্রিফিং থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

সেসময়ের অত্যন্ত গোপনীয় ওই ব্রিফিং নথির শিরোনাম ছিল ‘বিন লাদেনের সন্ত্রাসবাদী নেটওয়ার্ক এখনও উদ্বেগের’। নথি অনুযায়ী, মিশর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, পাকিস্তান এবং উগান্ডার পাশাপাশি সম্ভাব্য হামলার তালিকায় স্পষ্টভাবে ভারতের নামও অন্তর্ভুক্ত ছিল। আফগানিস্তান থেকে পরিচালিত এই সন্ত্রাসী নেটওয়ার্ক বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের বিভিন্ন কট্টরপন্থী গোষ্ঠীর সহায়তায় হামলা চালানোর ক্ষমতা রাখত। তবে প্রকাশিত নথিতে ভারতের ক্ষেত্রে কোথায় বা ঠিক কী উপায়ে নাশকতার পরিকল্পনা ছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য উল্লেখ করা হয়নি। এমনকি নিরাপত্তার কারণে গোয়েন্দা তথ্যের উৎসটিও সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশকে একাধিকবার এই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কও করেছিলেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদার ১৯ জন জঙ্গি চারটি বিমান ছিনতাই করে নজিরবিহীন হামলা চালায়। যার মধ্যে দুটি বিমান নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে, একটি পেন্টাগনে এবং চতুর্থটি পেনসিলভেনিয়ায় ভেঙে পড়ে। সরকারি হিসাব অনুযায়ী, ওই মর্মান্তিক হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। এই ঘটনার এক দশক পর, ২০১১ সালের ২ মে পাকিস্তানে মার্কিন নেভি সিল কমান্ডোদের গোপন অভিযানে নিহত হয় এই কুখ্যাত জঙ্গি মাস্টারমাইন্ড লাদেন। এত বছর পর সিআইএ-র এই গোপন নথি ফাঁসের ফলে আল কায়েদার আন্তর্জাতিক নাশকতার পরিধি নিয়ে নতুন করে জোরদার চর্চা শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *