উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দিল্লি বিস্ফোরণে নাম জড়িয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের। এবার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইনে (পিএমএলএ) মামলা রুজু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রের খবর, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত দিল্লি এবং ফরিদাবাদের ২৫টি ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।
বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েক জন চিকিৎসক জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এর মধ্যে রয়েছেন উমর-উন-নবি, মুজাম্মিল গনাই, শাহিন শাহিদ এবং আদিল সহ আরও কয়েক জন চিকিৎসক। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে দু’টি পৃথক এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। সোমবার বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীকে তলব করা হয়।
পুলিশ সূত্রের খবর, এই বিশ্ববিদ্যালয়ের এমন কিছু কাজকর্মের হদিস মিলেছে, যেগুলি সন্দেহের আওতায় পড়ে। সেকারণে আল ফালাহতে তল্লাশি অভিযান জারি রেখেছে তদন্তকারী সংস্থাগুলি। এবার বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন নিয়েও তদন্ত শুরু করল ইডি। সূত্রের খবর, জঙ্গি কার্যকলাপে বিশ্ববিদ্যালয়ের আর্থিক তহবিল কাজে লেগেছিল কি না, জঙ্গিদের আর্থিকভাবে সাহায্য করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতিদমন শাখাও আলাদাভাবে তদন্ত শুরু করেছে।
