Andal | বিয়ের আসরেই রক্তারক্তি! অন্ডালে প্রাক্তন স্ত্রীর কাকাকে লক্ষ্য করে গুলি চালাল স্বামী

Andal | বিয়ের আসরেই রক্তারক্তি! অন্ডালে প্রাক্তন স্ত্রীর কাকাকে লক্ষ্য করে গুলি চালাল স্বামী

শিক্ষা
Spread the love


রাজা বন্দোপাধ্যায়,অন্ডাল: বিয়ের সানাইয়ের শব্দ বদলে গেল আর্তনাদে। প্রাক্তন স্ত্রীর দ্বিতীয় বিয়ের দিনেই দলবল নিয়ে এসে হামলা চালাল প্রাক্তন স্বামী। প্রাক্তন স্ত্রীর কাকাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল সেই ব্যাক্তির বিরুদ্ধে। রবিবার দুপুরে অন্ডাল (Andal) থানার সিঁদুলি বেদ পাড়া এলাকায় এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের (Durgapur) কুরুড়িয়াডাঙ্গার বাসিন্দা শিবা বেদের (Shiba Mattress) সঙ্গে বিয়ে হয়েছিল অন্ডালের মাম্পি বেদের। কিন্তু স্বামীর লাগাতার অত্যাচারে টিকতে না পেরে বছর চারেক আগে সব সম্পর্ক ছিন্ন করে নিজের কাকার বাড়িতে (সিঁদুলি বেদ পাড়া) চলে আসেন মাম্পি। সেখানে কাকা সরবন বেদের আশ্রয়েই ছিলেন তিনি।

রবিবার ছিল মাম্পির দ্বিতীয় বিয়ের দিন। সকালের অনুষ্ঠান মিটে যাওয়ার পর দুপুর দুটো নাগাদ আচমকাই দুটি চারচাকা গাড়ি নিয়ে এলাকায় চড়াও হয় শিবা ও তার ৪-৫ জন সাঙ্গপাঙ্গ। কিছু বুঝে ওঠার আগেই শিবা তার প্রাক্তন স্ত্রীর কাকা সরবন বেদকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

গুলিবিদ্ধ সরবন বেদকে তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। বিয়ের আনন্দের মাঝে এমন রক্তক্ষয়ী ঘটনায় কান্নার রোল উঠেছে পরিবারে। ঘটনা প্রসঙ্গে মাম্পি বেদ বলেন, “আমার কাকা অন্য জায়গায় একটা ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছিল। রবিবার বিয়ের দিন ছিল। সেই বিয়ে শেষ হতে সবাই দুপুরের খাবার খাচ্ছিল। সেই সময় হঠাৎ করে আমার প্রাক্তন স্বামী শিবা এবং তার সঙ্গে বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গ গাড়ি করে এখানে আসে ও কাকাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি করেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।”

ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে অভিযুক্ত শিবা ও তার সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে প্রকাশ্য দিবালোকে এই শ্যুটআউটের ঘটনায় নিরাপত্তার অভাব নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *