মালবাজারঃ তরাই-ডুয়ার্সের রাজনীতিতে উদয় হল আরও এক রাজনৈতিক দলের। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ডুয়ার্সের মালবাজারে আত্মপ্রকাশ করল তরাই-ডুয়ার্স জনশক্তি ফ্রন্ট। নেতৃত্বে দার্জিলিংয়ের গোর্খা নেতা অজয় এডওয়ার্ড। এদিন অজয় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির প্রতি রণহুংকার দিলেন অজয়। তিনি জানালেন, আগামী বিধানসভা নির্বাচনে ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই দল।
শুক্রবার মালবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দল তরাই-ডুয়ার্স জনশক্তি ফ্রন্টের আত্মপ্রকাশ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ের গোর্খা নেতা অজয় অজয় এডওয়ার্ড। ফিতে কেটে নতুন রাজনৈতিক দলের কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। এদিকে, জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিপত্তি ঘটে। দড়ি ছিঁড়ে পতাকা নিচে পরে যায় জাতীয় পতাকা। যদিও সেই বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন আয়োজকরা। নতুন দলের পতাকা উত্তোলন করেন অজয় এডওয়ার্ড। তরাই-ডুয়ার্স জনশক্তি ফ্রন্টের প্রতীক হিসেবে তারা বেছে নিয়েছে সেতু। নতুন দলের পদাধিকারীদের নিয়োগপত্র তুলে দেন অজয়। সভাপতির দায়িত্বে রাজেশ লাকড়া, সহ সভাপতি পদে ড: জয় প্রফুল লাকড়া, ড: আর পি শর্মা, সাধারণ সম্পাদকের দায়িত্বে চন্দন লোহার, যুগ্ম সম্পাদক বিজয় ছেত্রী, কোষাধক্ষ্য পাপ্পু গুপ্তা, চিফ কো-অর্ডিনেটর আয়ুষ অধিকারী। আত্মপ্রকাশের অনুষ্ঠানে রাজ্য সরকারের বঞ্চনার কথা তুলে ধরেন অজয় এডওয়ার্ড।
অপরদিকে কেন্দ্রীয় সরকারের তুলোধোনো করেন এডওয়ার্ড। বিধানসভা নির্বাচনে তরাই ডুয়ার্সের ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে নব গঠিত এই দল। তবে কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা এখনও স্পষ্ট করে জানায় নি তারা। তবে ডুয়ার্সের মাল, নাগরাকাটা, কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাটে নিজেদের প্রার্থী দেওয়ার সম্ভাবনা আছে নতুন দলের। এই বিষয়ে রাজেশ লাকড়া জানান, চা বাগানের শ্রমিকদের স্বার্থে লড়াই করবে এই দল, শ্রমিকদের অধিকার ছিনিয়ে আনতে বৃহত্তর আন্দোলন হবে ভবিষ্যতে। ড: জয় প্রফুল লাকড়া জানান, রাজনৈতিক সমস্যার জন্য রাজনৈতিক সমাধান প্রয়োজন, সেজন্যই এই রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এবার হবে অধিকারের লড়াই। সঙ্গে থাকবে ষষ্ঠ তপশিলের দাবি।
উত্তরবঙ্গে শাসক দল তৃণমূলের অবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই, সেটা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নিজেও স্বীকার করেছেন। বিজেপির ঘাটিও যথেষ্ট শক্ত। এমন অবস্থায় তরাই ডুয়ার্সে নতুন রাজনৈতিক দল কতটা প্রভাব ফেলবে সেটা নির্বাচনে স্পষ্ট হবে।
