উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর (Kolkata Resort Fireplace) পর শহরের বেআইনি হোটেলগুলি নিয়ে কড়া পদক্ষেপের সুর চড়ালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
শনিবার মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলি পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আর কোনও শোকজ বা নোটিশ নয়, বেনিয়ম দেখলেই সরাসরি হোটেল সিল করে দেওয়া হবে (Resort seal)। পরিদর্শনকালে অগ্নিমিত্রা পাল বলেন, ‘নোটিশ পাঠিয়ে কোনও লাভ হয় না। গেস্ট বা পর্যটক থাকলে তাঁদের সরানোর জন্য ২৪ ঘণ্টা সময় দিন, তারপর গালা দিয়ে সিল করে দিন। যাবতীয় কাগজপত্র ঠিক থাকলে তবেই পুনরায় তা খোলার অনুমতি দেওয়া যেতে পারে।’
ইতিমধ্যেই ধর্মতলা চত্বরে ১৬টি হোটেলকে সিল করেছে দমকল বিভাগ এবং ২৫টিরও বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে এতদিন ধরে পর্যাপ্ত পরিকাঠামো ও অনুমোদন ছাড়া কীভাবে শহরের বুকে এই ধরনের বেআইনি ব্যবসা চলছিল, তা নিয়ে সরাসরি তৎকালীন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, ‘ফিরহাদ হাকিম কীভাবে এগুলির অনুমতি দিতেন? এতদিন লিডারদের বাড়ি বাড়ি পারসেনটেজ পৌঁছে যেত। তবে এখন আর টাকা দিয়ে বেনিয়মকে নিয়ম করা যাবে না।’ কাটমানি সংস্কৃতির কারণেই এমন চরম গাফিলতি ও প্রাণহানির ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছেন অগ্নিমিত্রা।

