Agnimitra Paul | ‘ফুটপাত মানুষের হাঁটাচলার জন্য, কোনও বসবাস বা দখলের জায়গা নয়’, ‘দুধ কাণ্ড’ বিতর্ক নিয়ে বিরোধীদের বার্তা অগ্নিমিত্রার

শিক্ষা
Spread the love


আসানসোল: কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় একটি ছোট বাচ্চাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা বা ‘দুধ কাণ্ড’ নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীদের সমালোচনার মুখে পড়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, সরকার শহরকে পরিষ্কার ও যানজটমুক্ত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে, এই ঘটনাকে কেন্দ্র করে সরকার ও তাঁর সমালোচনা করার জন্য বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি।

ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, সেদিন পার্ক স্ট্রিটের ফুটপাতে কোনো শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, বরং তার পরিবারকে শুধু ওই ব্যস্ত এলাকা থেকে সরে যেতে বলা হয়েছিল। ব্যস্ত রাস্তায় একটি শিশু হামাগুড়ি দেওয়ার দৃশ্য শহরের নিরাপত্তাকে বিপন্ন করে এবং যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও প্রশ্ন তোলেন, বিরোধীরা আজ মানবিকতার কথা বলছেন, অথচ গত ১৫ বছর ধরে সাধারণ মানুষকে ফুটপাতে বসিয়ে রেখে কর্মসংস্থানহীনতা, তোলাবাজি ও দুর্নীতি প্রশ্রয় দিয়ে গেছে।

সুপ্রিম কোর্টের নির্দেশকে সামনে রেখে মন্ত্রীর সাফ কথা, ফুটপাত মানুষের হাঁটাচলার জন্য, কোনো স্থায়ী বসবাস বা দখলের জায়গা নয়। হকার উচ্ছেদ, বেআইনি পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করার কাজে বিরোধীদের যতই সমস্যা হোক না কেন, সরকার সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে এবং শহরের পরিকাঠামো উন্নয়নে পিছপা হবে না।

রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ টানার পরিবেশ তৈরির ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, বাইরে থেকে শিল্পপতিরা এসে যদি শহরের রাস্তাঘাটের বেহাল দশা বা যানজট দেখেন, তবে তাঁরা রাজ্যে আসবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশমতো আগামী অক্টোবরের মধ্যে শহরের সমস্ত রাস্তাঘাট সংস্কারের কাজ সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বাস দেন। দীর্ঘ ১৫ বছরের জট এক নিমেষে বা মন্ত্রবলে ঠিক করা সম্ভব না হলেও সরকার প্রতিটি প্রতিশ্রুতি রক্ষার্থে বদ্ধপরিকর বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *