Uploaded By: Sandip Sarkar
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ফলপ্রকাশের আগেই মুর্শিদাবাদের রাজনীতিতে বড়সড় বোমা ফাটালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury Controversy)। তাঁর দাবি, বহরমপুরে পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূলের একাংশ নেতা এখন বিজেপির সঙ্গে তলে তলে ‘যোগসাজশ’ শুরু করেছেন। এমনকি পুরসভা স্তরেও দলবদল নিয়ে আলোচনা সেরে ফেলা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি তুলেছেন তিনি।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, “এখানে তৃণমূলের যাঁরা হারবেন, তাঁরা বিজেপির লাইন করতে লেগে গিয়েছেন। হাত-পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়, সেই চেষ্টাই চলছে। বহরমপুরের তৃণমূল নেতারা বিজেপি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। পুরসভাতেও এই নিয়ে আলোচনা হয়ে গিয়েছে।” তাঁর আরও সংযোজন, “এতদিন যে মালকড়ি কামানো হয়েছে, তা পার্মানেন্ট করতেই তৃণমূল নেতারা এখন বিজেপিতে যাওয়ার পরিকল্পনা করছেন।”
অধীরের এই দাবিকে নস্যাৎ করে দিয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “হারবেন তো অধীর চৌধুরী নিজেই। তাই উনিই এখন এসব সেটিংয়ের গল্প ফাঁদছেন। বহরমপুর লোকসভা যেমন তৃণমূল জিতেছে, বিধানসভাও তৃণমূলই জিতবে। বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার ক্ষমতা কারও নেই, সেটা অধীরবাবু বুঝে গিয়েছেন বলেই আবোল-তাবোল বকছেন।”
গত লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে হারের পর এবার ছাব্বিশের ভোটে বিধায়ক পদের জন্য লড়াই করছেন অধীর। প্রচারের সময় বারবার তৃণমূলের বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছিলেন তিনি। অধীরের প্রশ্ন ছিল, ২০২১-এ বহরমপুর বিধানসভায় জিতেছিল বিজেপি, অথচ তৃণমূল কেন শুধু তাঁর প্রচারেই বাধা দিচ্ছে? তবে কি তৃণমূল কংগ্রেসকেই আসল শত্রু মনে করছে? ফল প্রকাশের মুখে অধীরের এই নতুন ‘সেটিং’ তত্ত্ব বহরমপুরের রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিল।
