পারডুবি: দুটি গাড়ির রেষারেষির জের। নয়ানজুলিতে পড়ল গাড়ি। দুর্ঘটনায় (Accident) আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার মাথাভাঙ্গা-ফালাকাটা রাজ্য সড়কের পারডুবি (Pardubi) হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
অতিরিক্ত যাত্রী বহন ও যাত্রী তোলার প্রতিযোগিতায় দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগ স্থানীয়দের দীর্ঘদিনের। এদিনও মাথাভাঙ্গা থেকে ফালাকাটাগামী দুটি গাড়ি পারডুবি এলাকা অতিক্রম করে যাওয়ার সময় প্রবল রেষারেষির জেরে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। হাসপাতাল পাড়া এলাকায় একটি যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় নয়ানজুলিতে। ঘটনায় আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এদিকে পথ দুর্ঘটনার জেরে মাথাভাঙ্গা-ফালাকাটা রাজ্য সড়কে বেশকিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ (Ghoksadanga Police)। পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণে এনে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। এদিনের ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবিষয়ে পুলিশ জানিয়েছে, ছোট গাড়িগুলির প্রতিযোগিতা রুখতে বিশেষ অভিযান চালানো হবে।
