Abhishek Banerjee | ভাঙা ঘরে চাঁদের হাট! পতিরামের অসিতের বাড়িতে অভিষেকের আগমন

Abhishek Banerjee | ভাঙা ঘরে চাঁদের হাট! পতিরামের অসিতের বাড়িতে অভিষেকের আগমন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: ৫১২ নম্বর জাতীয় সড়ক থেকে ঢালাই রাস্তা ধরে এগোলেই লক্ষ্মীপুর ভেস্ট পাড়া। সচরাচর এখানে বড় নেতাদের পা পড়ে না। কিন্তু বর্তমানে চিত্রটা আমূল বদলে গিয়েছে। শ্রমজীবী মানুষের এই পাড়ায় এখন সাজ সাজ রব, যেন অকাল দীপাবলি। কারণ একটাই— ঘরের ছেলে অসিত সরকারের ঘরে কাল পা রাখতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

উৎসবের মেজাজে ভেস্ট পাড়া: স্রেফ বাংলা বলার ‘অপরাধে’ মহারাষ্ট্রে সাত মাস জেল খাটতে হয়েছিল পরিযায়ী শ্রমিক অসিত সরকারকে। তাঁর মুক্তির জন্য আইনি লড়াই থেকে শুরু করে সমস্ত উদ্যোগ নিয়েছিলেন খোদ অভিষেক। এবার সেই লড়াকু শ্রমিকের (Migrant Employee) বাড়িতেই আসছেন সাংসদ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে বাড়িতে এখন এলাহি আয়োজন। অসিতের স্ত্রী লিপি সরকার নিজের হাতে খাঁটি দুধের পায়েস রান্না করবেন অভিষেকের জন্য। লিপিদেবীর কথায়, “উনি আমাদের কাছে ভগবানসম। নিজের হাতে রান্না করে ওনাকে খাওয়াব, এটা ভাবতেই বুক ভরে যাচ্ছে।”

অসিতের নতুন স্বপ্ন: অসিত সরকার বলেন, “কলকাতায় দেখা হওয়ার সময় উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) কথা দিয়েছিলেন এ রাজ্যেই কাজের ব্যবস্থা করবেন। আর বাইরে যেতে হবে না—এই বিশ্বাসটাই আমার বেঁচে থাকার নতুন আশা।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে ঘিরে শুধু অসিতের পরিবার নয়, গোটা পাড়াতেই উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দা রফিকুল মণ্ডলের কথায়, “পাড়া দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে, পুলিশের আনাগোনা— মনে হচ্ছে যেন ভোটের মরশুম। আমাদের মতো গরিব মানুষের পাড়ায় এত বড় নেতা আসছেন, এটা গর্বের বিষয়।”

রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা: ইতিমধ্যেই জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা সভাধিপতি চিন্তামণি বিহা সহ তৃণমূল নেতৃত্ব এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসন ও অভিষেকের নিরাপত্তা দলও নিরাপত্তার দিকটি খতিয়ে দেখেছে। সূত্রের খবর, অসিতের পাশাপাশি ওই একই মামলায় জেল খাটা বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মন এবং এসআইআর (SIR) আতঙ্কে মৃত ওছমান মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন অভিষেক।

সোনালির সদ্যোজাতের নামকরণের পর এবার পতিরামে পরিযায়ী শ্রমিকের ঘরে অভিষেকের এই সফর উত্তরবঙ্গের রাজনীতিতে ‘পরিযায়ী’ ইস্যুকে এক নতুন মাত্রা দিতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *