উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের মাটি থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার কোচবিহারের (Cooch Behar) ঘুঘুমারির কদমতলায় এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, বিজেপিকে ভোট দেওয়ার অর্থ হলো নিজেদের অধিকার থেকে বঞ্চিত হওয়া। এদিন তাঁর নিশানায় ছিল অসমের ‘ফরেন ট্রাইব্যুনাল’ এবং ‘এসআইআর’ (SIR) ইস্যু।
অভিষেক বলেন, ‘কোচবিহারের মানুষকে বিজেপি (BJP) কেবল শোষণই করেনি, বরং এসআইআর এবং অসমের ট্রাইব্যুনালের নোটিশ পাঠিয়ে প্রতিনিয়ত অপমান করছে।’ তিনি প্রশ্ন তোলেন, “যাঁদের জন্ম এবং কর্ম এই মাটিতে, তাঁদের তাড়ানোর দুঃসাহস হয় কী করে? কেন অসমের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে নোটিশ পাঠাবেন?” তৃণমূল সাংসদ আশ্বাস দেন, যাঁরা শুনানির নোটিশ পেয়েছেন, তাঁদের ভোটাধিকার এবং নাগরিকত্ব নিশ্চিত করতে তৃণমূল সবরকম লড়াই করবে। তাঁর দাবি, অপরিকল্পিত এসআইআরের জেরে রাজ্যে ইতিপূর্বেই অনেক প্রাণহানি ঘটেছে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করে অভিষেক মনে করিয়ে দেন, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত নরেন্দ্র মোদী সহ একাধিক হেভিওয়েট নেতা কোচবিহারে এসে গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন। নারায়ণী ব্যাটালিয়ন, চিলা রায়ের নামে প্রশিক্ষণ কেন্দ্র, পঞ্চানন বর্মার লাইব্রেরি কিংবা মদনমোহন মন্দিরকে আন্তর্জাতিক মানের করার প্রতিশ্রুতি—সবই এখন বিশ বাঁও জলে। এমনকি কোচবিহার রেল স্টেশনের স্পোর্টস হাব এবং বিমানবন্দর পরিষেবা নিয়েও বিজেপিকে তোপ দাগেন তিনি।
বর্তমানে কোচবিহারের ৯টি বিধানসভা আসনের মধ্যে ৬টি বিজেপির দখলে। এই রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ডাক দিয়ে অভিষেক বলেন, “বিজেপিকে যত জেতাবেন, অধিকার থেকে তত বঞ্চিত হবেন।” তিনি সাধারণ মানুষকে মনে করিয়ে দেন যে, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন দিল্লি বা মধ্যপ্রদেশের বিজেপি নেতারা সাধারণ মানুষের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। আগামী নির্বাচনে কোচবিহারের সবকটি আসনে (৯-০) তৃণমূলকে জেতানোর আহ্বান জানান দলের সেকেন্ড-ইন-কমান্ড। সেই সঙ্গে প্রয়োজনে ফের দিল্লি যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
