উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইনি জালে আরও কোণঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে সই জাল কাণ্ডে সিআইডির একের পর এক তলব এড়িয়ে চলছেন তিনি। এবার ত্রিপুরার (Tripura) খোয়াই আদালত (Khowai court docket) থেকে সশরীরে হাজিরার সমন (Summon) পাঠানো হল অভিষেককে। আগামী ২২ জুন তাঁকে ওই আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। সব মিলিয়ে অভিষেকের অস্বস্তি যে এখন চরমে তা কার্যত স্পষ্ট।
ঘটনার সূত্রপাত ২০২১ সালে। সেবার ত্রিপুরার খোয়াইয়ে দলের কর্মসূচিতে গিয়ে তৃণমূলের যুবনেতৃত্বের ওপর হামলা এবং পরবর্তী উত্তপ্ত পরিস্থিতির জেরে খোয়াই থানায় অবস্থানে বসেছিলেন অভিষেক। সেই অবস্থানের জেরেই একটি মামলা রুজু করেছিল ত্রিপুরা পুলিশ। সেই মামলায় এবার ত্রিপুরার খোয়াই আদালত তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।
জানা গিয়েছে, এই সমন সাধারণ স্পিড পোস্টে পাঠানো হয়নি। আলিপুর আদালতের মাধ্যমে একজন বেলিফকে নিয়োগ করে এই সমনটি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী, স্থানীয় পুলিশের সহযোগিতায় এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা। সেই মতো, বুধবার বিকেলে ওই বেলিফ কালীঘাট থানার পুলিশের সাহায্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবন তথা তৃণমূলের সরকারি ঠিকানায় পৌঁছন।
সূত্রের খবর, নির্দেশ ছিল হয় অভিষেকের হাতে সরাসরি নোটিশটি দিতে হবে, অথবা বাড়ির দেওয়ালে সেঁটে দিয়ে ছবি তুলে রাখতে হবে। সেই সময় বাড়ির কাছে তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। বাইরে এমন পরিস্থিতি দেখে তিনি বেরিয়ে আসেন এবং বেলিফের সঙ্গে কথা বলেন। সূত্রের দাবি, কুণাল অনুরোধ করেন যাতে দেওয়ালে না সেঁটে বাড়ির কর্মীর মাধ্যমে সমনটি রিসিভ করানো হয়। এরপর বেলিফ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলে বাড়ির ভেতরে গিয়ে এক কর্মীর মাধ্যমে সমনটি পৌঁছে দেন। এখন দেখার বিষয়, আগামী ২২ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে ত্রিপুরায় হাজিরা দেন, নাকি আইনি কোনও পদক্ষেপ গ্রহণ করেন।
