Abhishek Banerjee | নোটিশের কপি নেই পোর্টালে! ওয়েবসাইটের ত্রুটি নিয়ে পুলিশকে ইমেল অভিষেকের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে ‘বেআইনি’ বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া সংঘাতে নতুন মোড়। মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তার ঠিক আগে পুলিশের কাছে একটি পালটা ইমেল পাঠিয়েছেন অভিষেক। তাঁর আইনজীবীর দাবি, পুলিশ নোটিশ দিলেও কলকাতা পুলিশের ওয়েবসাইটে সেই এফআইআর বা নোটিশের কপি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এই অভিযোগের জবাবে পুলিশ প্রমাণ সহ ওয়েবসাইটে আপলোড করা নথি দেখিয়েছে। মঙ্গলবার নির্ধারিত দিনে সাংসদ থানায় হাজিরা দেবেন কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য মেলেনি।

রবিবার রাতে অভিষেকের আইনজীবী অর্ক নাগ বলেন, ‘ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে বিলবোর্ড খোলা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ নোটিশ দিলেও কলকাতা পুলিশের ওয়েবসাইটে সেই নোটিস বা এফআইআরের কপি নেই। বারবার এমন হচ্ছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে একটা ইমেল পাঠানো হয়েছে পুলিশকে। প্রশ্ন করা হয়েছে, কেন ওয়েবসাইটে আপলোড করা হয়নি। সেটা একটা ত্রুটি বলে পুলিশকে মনে করিয়ে দেওয়া হয়েছে।’ তবে পুলিশও পালটা ওয়েবসাইটে আপলোড করা নথি দেখিয়েছে প্রমাণ হিসেবে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, ২৭ অগাস্ট বিকেলে। সে সময় বেশ কয়েকজন পুরকর্মী ও পুলিশ আধিকারিক গ্যাসকাটার নিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে হাজির হন এবং বিলবোর্ডটিকে বেআইনি ঘোষণা করে তা খুলে ফেলার চেষ্টা করেন। খবর পেয়ে বাইরে বেরিয়ে এসে পুরকর্মীদের কাছে নির্দিষ্ট অর্ডার কপি দেখতে চান অভিষেক। তাঁর অভিযোগ ছিল, পুরকর্মীরা কোনও নির্দেশিকা দেখাতে পারেননি এবং পুলিশ পুরসভার চেয়ে অনেক বেশি সক্রিয়তা দেখাচ্ছে। নিজের অফিসের বাইরে কী ব্যানার বা বোর্ড থাকবে তা পুরসভা নির্ধারণ করতে পারে না বলেই তোপ দেগেছিলেন তিনি।

একই মামলায় সোমবার দলের প্রবীণ সাংসদ ডেরেক ও ব্রায়েনকেও শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল। তবে তিনি আজ হাজিরা এড়িয়ে তদন্তের মুখোমুখি হওয়ার জন্য আরও সাত দিন সময় চেয়ে নিয়েছেন। ফলে মঙ্গলবারের তলবের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী পদক্ষেপ করেন, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *