উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে একসঙ্গে বাতিল করা হল ২ কোটি আধার কার্ড (Aadhaar Card)। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকারের কাছে তথ্যে স্বচ্ছতা আনার লক্ষ্যে এমন সিদ্ধান্ত।
দেশে বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড সক্রিয় রয়েছে। এতে বিভিন্ন পরিসেবার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। তাই কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল, রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত মৃতের (lifeless) তালিকা মিলিয়ে মৃতদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা মিলিয়েই ২ কোটি আধার কার্ড বাতিল করা হয়েছে। যদিও এখনও এমন অনেক আধার সক্রিয় রয়েছে বলে মনে করা হচ্ছে।
দেখা গিয়েছে মৃত্যুর পরেও অনেক আধার কার্ড সক্রিয় রয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এমন আধার কার্ডগুলি সম্পর্কে নির্দিষ্ট তথ্য মাই আধার (my Aadhaar) অ্যাপের মাধ্যমে জানানোর জন্য সাধারণ নাগরিকদের উৎসাহ দেওয়া হচ্ছে। কারণ, মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে তার অপব্যবহারের সম্ভাবনা থাকে।
এই মুহূর্তে আধার নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গণ্য না করা হলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবা পেতে আধার বাধ্যতামূলক। ফলে মৃত ব্যক্তিদের আধারের অপব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে উদ্বেগ বাড়ছে। এজন্য কেন্দ্র এমন উদ্যোগ নিয়েছে বলে খবর।
