২ থানায় জোড়া তলব, ক্রমশ চাপ বাড়ছে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলুর

রাজ্য/STATE
Spread the love


পুলিশি হেনস্তার অভিযোগে মুখ খুলেছেন সদ্যই। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই দুই থানায় জোড়া তলব। ক্রমশ যেন বিপদ বাড়ছে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের। পুলিশ সূত্রে খবর, সোমবার মহম্মদবাজার থানায় তলব করা হয়েছে তাঁকে। আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা ও টাকা উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকেছে পুলিশ। মঙ্গলবার সিউড়ি থানায় তলব করা হয়েছে টুলুকে। বেআইনি পাথর খাদান মামলায় জিজ্ঞাসাবাদ করার কথা।

এর আগে গত শনিবার সিউড়ি থানায় হাজিরা দেন টুলু মণ্ডল। প্রায় ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তরও দেন বলেই খবর। ভবানীভবনেও গিয়ে হাজিরা দিয়েছেন টুলু। তাঁর দাবি, কয়লা ও পাথরের ডিসিআর দুর্নীতি মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করলেও হেনস্তার শিকার হতে হচ্ছে। কলকাতায় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাঁর গোডাউন থেকে বিপুল পরিমাণ সামগ্রী চুরির অভিযোগও সামনে এনেছেন ওই পাথর ব্যবসায়ী। টুলুর দাবি, তদন্তের স্বার্থে পুলিশের নোটিস পেয়ে তিনি শনিবার সিউড়ি থানায় হাজিরা দিয়েছিলেন। প্রায় ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তরও দেন।

আরও পড়ুন:

রাত হয়ে যাওয়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতে হয়েছিল তাঁকে। তাঁর অভিযোগ, সেই বাড়ির বাইরে সারা রাত সিভিক ভলান্টিয়ার মোতায়েন ছিল। পরদিন গাড়িতে করে ফেরার পথে বোলপুরের প্রবেশপথ এবং ইলামবাজারের তেমাথায় একাধিকবার তাঁর গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। তাঁর দাবি, অন্যান্য গাড়ির মতো সাধারণ তল্লাশি নয়, তাঁকে লক্ষ্য করেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনকী, পুলিশের গাড়ি তাঁর পিছু নিয়েছিল। গোটা ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি টুলুর।

টুলু দাবি করেন, জিএসটি ও আয়কর মিলিয়ে বছরে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা কর দেন তিনি। অথচ তাঁর অফিস থেকে পেনড্রাইভ, ল্যাপটপ-সহ একাধিক সামগ্রী পুলিশ নিয়ে গিয়েছে। তার ফলে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখানেই শেষ নয়। তাঁর গোডাউন থেকে প্রায় ২৫০টি নতুন টায়ার, ৩০০ টন রড এবং পুজো ও ঈদ উপলক্ষে বিতরণের জন্য রাখা চাল ও কাপড় চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন টুলু। তাঁর দাবি, পুলিশি হেফাজতের সময়েই এই ঘটনা ঘটেছে। গোডাউন থেকে রাত তিনটের সময় চাল বের করতে দেখেছিলেন তাঁর লোকজন। পরে খোঁজ নিয়ে বাকি সামগ্রীও উধাও হওয়ার বিষয়টি জানতে পারেন। অন্যদিকে, পুলিশ সূত্রের দাবি, জেলা জুড়ে নিয়মিত নাকা তল্লাশির অংশ হিসেবেই বোলপুর ও ইলামবাজারে গাড়ি পরীক্ষা করা হয়েছিল। অন্য গাড়ির মতো টুলুর গাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তাঁকে ধাওয়া করার অভিযোগও অস্বীকার করেছে পুলিশ। টুলুর আইনজীবী সিকন্দর আনসারি জানান, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নির্দিষ্ট জায়গায় জানানো হচ্ছে। পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *