জীতুর প্রেম প্রত্যাখ্যান সৃজলার! রাজবীর, নন্দিনীর ভালোবাসা সত্যি? বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ‘হেঁয়ালি’ রণিতার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


আবহাওয়া পরিবর্তনের মতো বিগ বস বাংলার দুর্গের ছবিটাও প্রতি মুহূর্তে পালটে যায়! বিগ বসের টাস্ক, আর সেই টাস্ক ঘিরে তৈরি হওয়া বিতর্কে ব্যাপক উন্মাদনা শোয়ের দর্শকের। কিন্তু, তার চেয়েও বেশি মুখরোচক, বিগ বসের ঘরে গজিয়ে ওঠা প্রেমের সম্পর্কগুলো। ক্যামেরায় সামনে রাজবীর, নন্দিনীর মাখোমাখো প্রেম তো হয়ে উঠেছিল সোশাল মিডিয়া সেনসেশন। কখনও কম্বলের নিচে রোম্যান্স তো কখনও আবার ‘লাগামহীন’ খুনসুটি। দর্শকের আতসকাচের নিচে ছিল ‘রাজনন্দিনী’ক দুষ্টু মিষ্টি কেমেস্ট্রি, তা বললে অত্যুক্তি হবে না। এখন আবার চর্চায় জীতু, সৃজলা। রিয়ালিটি শোয়ের প্রেমগুলো সত্যি নাকি পুরোটাই খেলার স্বার্থে, তা নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সে কথা বলাই বাহুল্য়। বিগ বসের ঘর ফেরৎ প্রতিযোগীদের কাছেও থাকছে সেই একই প্রশ্ন। সোনামণি বলেছিলেন, ‘রাজনন্দিনী’র প্রেম মিথ্যা নয়। কিন্তু, উলটো সুর শোনা গেল রণিতা দাসের গলায়।

সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে নামতেই সাংবাদিকদের মুখোমুখি হলেন ছোট পর্দার ‘বাহামণি’ ওরফে রণিতা। সেই একই প্রশ্নের মুখোমুখি হতেই যথেষ্ট সাবধানী। তাঁর কথায়, ৬ ডিসেম্বর ফাইনালের পর পুরো ছবিটাই স্পষ্ট হয়ে যাবে। রণিতা বলেন, “৬ তারিখের পর যদি সম্পর্কগুলো টিকে যায় ‘জয় মা’ বলে তাহলে তো খুবই ভালো! আর না টিকলে সবাই বুঝে যাবে। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না। কারণ আমি নিজেও সেটা ঠিক বুঝতে পারছি না।” এরপরই জীতু, সৃজলার প্রেম নিয়ে প্রশ্নের ঝড়। রবিবার পর্যন্ত যেটুকু আপডেট তার উপর ভিত্তি করেই উত্তর দিলেন রণিতা।

আরও পড়ুন:

স্পষ্ট জানিয়েছেন, জীতুর তরফে প্রেমের প্রস্তাব গেলেও সৃজলা সম্মতি দেননি। তবে তাঁদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রণিতার চোখ এড়ায়নি সেটা বলতেও বিন্দুমাত্র দ্বিধা করেননি। তবে একটা বিষয়ে নিজের অবস্থানে অনড়। রাজবীর, নন্দিনী হোক বা জীতু, সৃজলা কারও প্রেম নিয়ে এখুনি কিছু মন্তব্য করতে নারাজ। রণিতার মতে, “৬ তারিখের পর নতুন বছরেও যদি এই সম্পর্কগুলো টিকে থাকে, তবেই সবাই বুঝে যাবে কোনটা আসল আর কোনটা নয়।” বিগ বসের ফাইনালের দিন যত এগিয়ে আসছে ততই ঘরের ভিতরে তৈরি হওয়া চর্চিত সম্পর্কগুলো নিয়ে দর্শকও অত্যুৎসাহী সে কথা বলার অপেক্ষাই রাখে না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *