এক বই নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ দর্শক, আলোচনা-সমালোচনা চলছেই। বিশেষ করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে কথাবার্তা থামছেই না। সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ বইতে যেভাবে প্রণববাবুর ছবি আঁকা হয়েছে, তা নিয়ে আপত্তি উঠছে নানা মহলে। এবার তা নিয়ে কলম ধরলেন বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভার সাংসদ হওয়া সুখেন্দুশেখর রায়। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে কংগ্রেস দলে প্রণব মুখোপাধ্যায়ের অবদান সম্পর্কে খুঁটিনাটি বিষয় তুলে ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা সৈনিক। তাঁর দাবি, প্রণববাবু ‘রাজনৈতিক গুরু’, তাই খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন এবং সেই ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখেই তাঁর এই সমালোচনা।
পোস্টের শুরুতেই সুখেন্দুশেখর রায়ের তীক্ষ্ম সমালোচনা, ‘সোনিয়ার স্মৃতিকথায় অসত্যের ছায়া, প্রণবকে ঘিরে বিদ্বেষ।’ এ প্রসঙ্গে তিনি একেবারে সুনির্দিষ্ট করে সোনিয়ার লেখার সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের তৎকালীন বাস্তব ভূমিকার ফারাক তুলে ধরেছেন রাজ্যসভার সাংসদ। লিখেছেন, ‘সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথার ৩৯৯ নম্বর পাতায় লিখেছেন, ১৯৮৪ সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর নিজেকে উপেক্ষিত মনে করে প্রণব মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে নিজের দল গঠন করেছিলেন। ১৯৮৯ সালে তিনি আবার কংগ্রেসে ফিরে আসেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা কখনও ছাড়েননি। বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলালেও নিজের অভিজ্ঞতা ও রাজনৈতিক জ্যেষ্ঠতার কারণে তিনি নিজেকে প্রধানমন্ত্রী পদের স্বাভাবিক দাবিদার মনে করতেন। এই বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ১৯৮৪ সালের ডিসেম্বরের লোকসভা নির্বাচনে প্রণববাবু রাজ্যজুড়ে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে ব্যাপক প্রচার করেছিলেন। শুধু তাই নয়, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যাদবপুর কেন্দ্রে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন তিনিই। সোমনাথ চট্টোপাধ্যায়ের পরাজয়ের মধ্য দিয়ে মমতার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়।’
আরও পড়ুন:
১৯৮৫ সালে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর পুরভোটে দলকে জেতাতে না পারার ‘শাস্তি’ হিসেবে দলে বেশিরভাগ পদই খোয়াতে হয়েছিল প্রণব মুখোপাধ্যায়কে। পরের বছর নজিরবিহীনভাবে তাঁকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। সুখেন্দুশেখরের রায়ের অভিযোগ, এটা কংগ্রেসের অন্তর্দলীয় নিয়মশৃঙ্খলার পরিপন্থী ছিল। তাঁর আরও মত, রাজীব গান্ধীকে বাংলারই একদল কংগ্রেস নেতা প্রণববাবুর প্রধানমন্ত্রী হওয়ার ‘উচ্চাশা’ নিয়ে ভুল বুঝিয়েছিলেন।
পোস্টে সুখেন্দুশেখর লিখেছেন, ‘২০১০ সালে প্রণববাবু যদি সরকারের শীর্ষে পরিবর্তন করার কথা সনিয়াকে বলে থাকেন তো কী কারণে? তা তিনি স্মৃতিকথায় লেখেন নি। তির্যক মন্তব্য করে বলেছেন, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত আকাঙ্ক্ষা চরিতার্থ করতে প্রণববাবু ওই প্রসঙ্গ তুলেছিলেন বলে সনিয়ার মনে হওয়ায় তিনি কৌশলে প্রসঙ্গান্তরে চলে যান। কেন জিজ্ঞেস করলেন না প্রণববাবু হঠাৎ নেতৃত্ব বদলের দাবি তুললেন ঠিক কোন কারণে?’ এরপরই তাঁর মন্তব্য, ‘প্রণববাবুর মতো একজন ক্রাইসিস ম্যানেজারের মৃত্যুর ছ’ বছর পরে এমন অমানবিক মন্তব্য শিষ্টাচারবিরোধী।’ এমনকী এ প্রসঙ্গে সাংসদের আরও দাবি, সোনিয়ার স্মৃতিকথার নাম ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর বদলে নাম হওয়া উচিত ছিল ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ অ্যান্ড হেট’। অর্থাৎ, ‘সম্পর্কের কাহিনি: ভালোবাসা ও বিদ্বেষের আখ্যান’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
