সিকিম সীমান্ত ও শিলিগুড়ি করিডরের সুরক্ষায় সেনা ও বায়ুসেনার যৌথ প্রস্তুতি

শিক্ষা
Spread the love


শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি : চিনের আগ্রাসী রণকৌশল ও শিলিগুড়ি করিডরের সুরক্ষা সুনিশ্চিত করতে সিকিম সীমান্তে অভূতপূর্ব প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে যৌথভাবে মাঠে নামছে ভারতীয় স্থলসেনা এবং বায়ুসেনা। সূত্রের খবর, যৌথ পরিকল্পনা বাস্তবায়নে বুধবার দফায় দফায় বৈঠক করেন দুই সেনার ইস্টার্ন কমান্ডের শীর্ষস্থানীয় আধিকারিকরা। বায়ুসেনার ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার মার্শাল মেহতাব সিং দেশওয়াল এবং স্থলসেনার ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি কৃষ্ণন দীর্ঘসময় বৈঠক করেন। দুই বাহিনীর শীর্ষ স্তরের এই বৈঠকে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে বিশেষ করে সিকিম ও সংলগ্ন সংবেদনশীল এলাকাগুলিতে স্থল ও বায়ুসেনার মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ এবং যৌথ অপারেশনের ক্ষমতা কীভাবে আরও নিখুঁত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সীমান্তে যে কোনও ধরনের আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় দুই বাহিনী একাধিক যৌথ প্রস্তুতির পরিকল্পনাও করেছে।

সিকিম সীমান্ত এবং চিকেনস নেকের নিরাপত্তায় স্থলসেনা এবং বায়ুসেনার শীর্ষকর্তাদের নিয়ে কয়েকদিন আগেই বৈঠক করে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। রাজনাথের দিল্লি ফিরে যাওয়ার পরই সেইসব পরিকল্পনা বাস্তবায়নে জোরকদমে কাজ শুরু করে দিয়েছে দুই সেনাবাহিনী। সীমান্ত সুরক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও পোক্ত করতে সিকিম সেক্টরে চিনের সম্ভাব্য গতিপ্রকৃতি ও ভূকৌশলগত চ্যালেঞ্জগুলিকে সম্পূর্ণভাবে মাথায় রেখে ভারতীয় সেনা ও বায়ুসেনার মধ্যে পারস্পরিক সমন্বয় এবং যৌথ কার্যক্রম ইতিমধ্যেই বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বায়ুসেনার পূর্ব কমান্ড এবং সেনার ত্রিশক্তি কোরের একটি যৌথ দল গত কয়েকদিনে সিকিমে ভারতীয় সেনার ঘাঁটিগুলি পরিদর্শন করে একটি রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টের উপর ভিত্তি করে বেশকিছু পরিকল্পনা করা হচ্ছে। বায়ুসেনার এক আধিকারিকের কথা, ‘যৌথ কৌশলগত তৎপরতার নেপথ্যে রয়েছে স্থল ও আকাশপথের নিখুঁত মেলবন্ধন, যার মাধ্যমে উচ্চ পাহাড়ি ও দুর্গম সীমান্তে শত্রুর যে কোনও গোপন গতিবিধি নিমেষে চূর্ণ করা সম্ভব।’

খোদ সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ যৌথ পরিকল্পনার যাবতীয় খুঁটিনাটি পর্যালোচনা করছেন। গত কয়েকদিনে তিনি নিজে সরেজমিনে সিকিম সীমান্ত পরিদর্শন করেছেন। সেনা আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। সেনাপ্রধান নিজে যে বিষয়টি তদারকি করছেন তা যে কোনও সাধারণ পরিকল্পনা নয় তা স্বীকার করেছেন একাধিক প্রাক্তন সেনা আধিকারিকও।

ভারতের এই সীমান্তে নজরদারি এবং রণকৌশলগত কার্যকলাপে সেনা ও বায়ুসেনা কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করবে। এরমধ্যে অন্যতম হল রিয়েল-টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং বা তথ্যের আদান-প্রদান, যেখানে বায়ুসেনার অত্যাধুনিক  বিমান, ড্রোন এবং উপগ্রহভিত্তিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে সংগৃহীত তথ্য মুহূর্তের মধ্যে সিকিম সীমান্তে থাকা ত্রিশক্তি কোরের কাছে পৌঁছে দেওয়া হবে। তারজন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে সেনা। দুর্গম পাহাড়ি খাদে বা তুষারাবৃত চূড়ায় যেখানে স্থলসেনার টহলদারি চালানো অসম্ভব বা দীর্ঘসূত্রতার ব্যাপার হয়ে দাঁড়ায়, সেখানে বায়ুসেনার কপ্টার ও ভারী পরিবহণ ক্ষমতাযুক্ত বিমানের সাহায্যে রসদ, অস্ত্রশস্ত্র এবং অতিরিক্ত কমব্যাট বাহিনী পৌঁছে দেওয়ার পরিকল্পনা হয়েছে। এছাড়া আকাশপথে কভার ফায়ার বা যুদ্ধবিমানের উপস্থিতি বজায় রেখে স্থলসেনার আক্রমণ বা প্রতিরক্ষামূলক অবস্থানকে কয়েকগুণ শক্তিশালী করে তোলা হচ্ছে।

সেনার এক শীর্ষস্থানীয় আধিকারিকের কথায়, ‘এই যৌথ কার্যপদ্ধতির ফলে ভারতের কৌশলগত সুবিধাও বাড়বে বহুগুণ। এককভাবে সেনা বা বায়ুসেনা যা করতে পারত না, দুই বাহিনীর সমন্বয়ে তা এখন অনেক কম সময়ে এবং নিখুঁত নির্ভুলতায় সম্পন্ন করা যাবে। পাহাড়ি যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যোগাযোগ এবং দ্রুত রসদ সরবরাহ, যা যৌথ উদ্যোগে সম্পূর্ণ মিটে যাবে।’

সূত্রের খবর, নতুনভাবে প্রযুক্তি উন্নত করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত সার্ভিলেন্স সিস্টেম, রাডার নেটওয়ার্ক এবং আধুনিক যুদ্ধাস্ত্রের ডেটা লিংক সরাসরি সেনার কমান্ড সেন্টারের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে সিকিম সীমান্তে চিনের পিপলস লিবারেশন আর্মির যে কোনও ইনফ্রাস্ট্রাকচার তৈরি কিংবা সৈন্য সমাবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বায়ুসেনা ও স্থলসেনা যৌথভাবে নিখুঁত স্ট্রাইক বা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। সবমিলিয়ে, দুই বাহিনীর এই যৌথ রূপরেখা উত্তরবঙ্গের নিরাপত্তা ও দেশের উত্তর-পূর্ব সীমান্তকে এক দুর্ভেদ্য সুরক্ষার চাদরে ঢেকে ফেলবে বলেই মনে করছেন সেনাকর্তারা।

প্রযুক্তিগত দিক খতিয়ে দেখতে দুই বাহিনীর বাছাই করা ইঞ্জিনিয়ারদের একটি দল ইতিমধ্যেই শিলিগুড়িতে এসেছে। সেনার ত্রিশক্তি কোরের হেডকোয়ার্টার সুকনায় ড্রোন নিয়ে বিশেষ কাজকর্মও শুরু হয়েছে৷ পাহাড়ি দুর্গম এলাকার তথ্য সংগ্রহের জন্য চাহিদা ও আকার অনুসারে ড্রোন তৈরি করছেন সেনার ইঞ্জিনিয়াররা। একটি স্পেশাল ড্রোন স্কোয়াড্রনও গঠন করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *