লুডো খেলা নিয়ে বচসা। তার জেরে কোদালের আঘাতে বৃদ্ধকে ‘খুন’। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের। মৃতের নাম পরান মণ্ডল। পুলিশ তদন্তে নেমে মৃতের বন্ধু অভিযুক্ত সমীর মণ্ডলকে গ্রেপ্তার করেছে। সামান্য লুডো খেলাকে ঘিরে কারও প্রাণ চলে যেতে পারে! ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা।
মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের পুটখালির কালীতলা এলাকায় বাড়ি বছর ৬৫ বয়সের পরান মণ্ডলের। দিনের কাজকর্ম মিটিয়ে বন্ধু সমীর মণ্ডলের সঙ্গে প্রায় প্রতিদিন লুডো খেলতেন পরান। সোমবার রাতেও বাড়ির অদূরে রাস্তার ধারে দুই বন্ধু লুডো খেলা শুরু করেন। দুজনেই মদ্যপ ছিলেন বলে খবর। খেলা নিয়েই দুজনের মধ্যে তুমুল বচসা শুরু হয়।
আরও পড়ুন:
সেই বচসা থেকেই প্রাণ চলে গেল একজনের। অভিযোগ, বচসার মধ্যেই সমীর মণ্ডল আচমকা কোদাল দিয়ে পরান মণ্ডলের মাথার পিছনে আঘাত করেন। সেই আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন পরান। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোকজন। তাঁকে উদ্ধার করে দ্রুত মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে পরান মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
খবর দেওয়া হয় মিনাখাঁ থানায়। রাতেই হাসপাতাল ও ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত সমীর মণ্ডলকে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। সামান্য লুডো খেলাকে ঘিরে বচসা? নাকি খেলার সময় দু’জনের মধ্যে অন্য কোনও বিষয় নিয়ে বচসা হয়েছিল? তার জেরে এই খুনের ঘটনা। ধৃতকে জেরা করে তথ্য পেতে চাইছে পুলিশ। আজ, মঙ্গলবারদ ধৃতকে বসিরহাট আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
