শিলিগুড়ি করিডরে অবৈধ অস্ত্রের কারবার নিয়ে নিরাপত্তা মহলে সতর্কতা

খেলাধুলা/SPORTS
Spread the love


শুভঙ্কর চক্রবর্তী

উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি সীমান্তে যে অস্ত্রের কারবার চলছে, তার প্রভাব ক্রমশ দেশের মূল ভূখণ্ডের নিরাপত্তা পরিসরেও ছড়িয়ে পড়ছে।  মায়ানমার সীমান্ত থেকে অস্ত্র সংগ্রহ, নাগাল্যান্ডে তার সরবরাহ, বিহারে সেই অস্ত্রের উদ্ধার এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্রের রমরমা- সব ঘটনা মিলিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নে যথেষ্ট উদ্বিগ্ন বিভিন্ন নিরাপত্তা এজেন্সির কর্তারা। উত্তর-পূর্বের সঙ্গে দেশের বাকি অংশের স্থল যোগাযোগের প্রধান সংযোগপথ শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক। ফলে বেআইনি অস্ত্রের নেটওয়ার্ক যে চিকেনস নেকে জাল বিছিয়েছে সে বিষয়ে কার্যত নিশ্চিত কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেই নিশ্চয়তাই কপালে ভাঁজ ফেলেছে সেনাবাহিনীর। নেপাল, ভুটান, বাংলাদেশ দিয়ে ঘেরা চিকেনস নেকের সুরক্ষা নিয়ে তাই নতুন করে ভাবতে হচ্ছে নিরাপত্তা বিশেষজ্ঞদের।

এক প্রাক্তন গোয়েন্দাকর্তার কথায়, ‘চিন ও মায়ানমার থেকে আমদানি করা অস্ত্র চিকেনস নেকের কাছাকাছি করিডর ঘিরে থাকা প্রতিবেশী দেশগুলিতেও মজুত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শত্রুরা অনেকরকম পরিকল্পনাই করতে পারে। তাই অস্ত্রের কারবার বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নইলে যে কোনও সময় বড় বিপদ হতে পারে।’ এটি নিছক আশঙ্কা নয় ইতিমধ্যেই তার আভাস মিলেছে এনআইএ-র তদন্তে। এনআইএ সূত্রের খবর, ২০১৯ সালে বিহারের পূর্ণিয়া থেকে পাঁচটি অত্যাধুনিক অস্ত্র এবং একে ৪৭-এর বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করে সংস্থা। তদন্তে দেখা যায়, মায়ানমার সীমান্ত থেকে নাগা আন্ডারগ্রাউন্ড গোষ্ঠীর সাহায্যে অস্ত্রগুলি আনা হয়েছিল। সেগুলি দেশের মাওবাদী ও অপরাধী চক্রের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ‘নাগা আন্ডারগ্রাউন্ডদের সাহায্যে মাওবাদী ও অপরাধীদের কাছে অস্ত্র পাচার’ – শীর্ষক তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে এনআইএ। সম্প্রতি সোর্স মারফত সেই তদন্তে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে সংস্থার হাতে। তাতে চিকেনস নেক এলাকায় অস্ত্র পাচার নিয়ে শঙ্কিত জাতীয় তদন্তকারীরা। অর্থাৎ উত্তর-পূর্বের সীমান্তপারের অস্ত্র-যোগাযোগ যে দেশের অন্য প্রান্তের অপরাধজগতের সঙ্গেও যুক্ত তার একাধিক নজির রয়েছে।

মুজফফরপুরে একটি একে-৪৭ রাইফেল উদ্ধারের পর ফের সামনে এসেছে নাগাল্যান্ড-বিহার অস্ত্র সরবরাহের চক্র। এনআইএ-র তদন্তে ডিমাপুরের এক অস্ত্র সরবরাহকারীর সঙ্গে বিহারের অভিযুক্তদের যোগাযোগ, ব্যাংক লেনদেন এবং মোবাইল ফোনের তথ্যের সূত্র মেলে। ২০২৫ সালের মে মাসে চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। চলতি বছর অগাস্টেও এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে এনআইএ। তদন্তকারী সংস্থার অভিযোগ, নাগাল্যান্ড থেকে নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র বিহারে সরবরাহের ষড়যন্ত্র হয়েছিল। অর্থাৎ অস্ত্রের কারবারে শুধু জঙ্গি সংগঠন নয়, স্থানীয় মধ্যস্থতাকারী ও আর্থিক যোগাযোগের নেটওয়ার্কও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

ওই চক্রের সঙ্গে উত্তরবঙ্গের যোগসূত্রের নানা তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। সেনা গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছে, মায়ানমার সীমান্তের লংতলাই এলাকা অস্ত্র পাচারের একটি গুরুত্বপূর্ণ নতুন করিডর হয়ে উঠেছে। সেখান থেকে অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্য অসম ও ত্রিপুরা হয়ে আরও দূরে পৌঁছানোর সম্ভাব্য নেটওয়ার্কের উল্লেখ রয়েছে রিপোর্টে। মায়ানমার থেকে উত্তর-পূর্ব ভারতের নিরাপদ রুট ধরে অস্ত্র প্রথমে বাংলাদেশ তারপর বাংলাদেশের মধ্য দিয়ে চিকেনস নেকের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কাও করছেন গোয়েন্দারা। একইভাবে অসম হয়ে ভুটানের মধ্য দিয়ে চিকেনস নেকে অস্ত্র সরবরাহ হতে পারে বলেও অনুমান করছেন তাঁরা।

এই পরিস্থিতিতে চিকেনস নেকের গুরুত্ব আরও বেড়ে যায়। শিলিগুড়ি করিডর দিয়েই উত্তর-পূর্বের আটটি রাজ্যের সঙ্গে দেশের বাকি অংশের স্থল যোগাযোগ। কোনও অস্ত্রচক্র এই অঞ্চলে সক্রিয় অপরাধী বা সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র পৌঁছে দিতে পারলে তার প্রভাব শুধু স্থানীয় আইনশৃঙ্খলায় সীমাবদ্ধ থাকবে না। গুরুত্বপূর্ণ পরিকাঠামো, সামরিক যোগাযোগ এবং সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হতে পারে। তবে চিকেনস নেকে অস্ত্রের গুদাম বা কোনও জঙ্গি সংগঠনের অস্ত্র মজুতের নির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।

২২ অগাস্ট ২০২৬ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা পর্যালোচনা করেন। সেনা, বিএসএফ, এসএসবি, রেল সুরক্ষাবাহিনী, কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মাল্টি এজেন্সি সেন্টারের বিশেষ গোষ্ঠী নিরাপত্তা জোরদারের সুপারিশ পেশ করে। গুরুত্বপূর্ণ পরিকাঠামো সুরক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। সেই বৈঠকেই বেআইনি অস্ত্রের কারবার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই খবর।

শীর্ষস্থানীয় এক প্রাক্তন সেনা গোয়েন্দার বক্তব্য, ‘অস্ত্রের এই ছায়া কতটা দূর পর্যন্ত পৌঁছেছে, তা জানতে হলে উত্তর-পূর্ব, অসম, বিহার ও উত্তরবঙ্গের অস্ত্র মামলাগুলিকে আলাদা করে দেখলে চলবে না। খতিয়ে দেখতে হবে অস্ত্রের উৎস, সরবরাহকারীদের যোগাযোগ, অর্থের লেনদেন এবং উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের পারস্পরিক যোগসূত্র।’ তাঁর মতে, ‘কোনও একটি অস্ত্রভাণ্ডার নয়, চিকেনস নেকে এমন একটি নেটওয়ার্ক সক্রিয় যার সম্পূর্ণ মানচিত্র এখনও নিরাপত্তা সংস্থাগুলির কাছেও স্পষ্ট নয়। আর সেটাই চিকেনস নেকের নিরাপত্তার প্রশ্নে সবচেয়ে বড় বিপদ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *