- ছন্দা বিশ্বাস
প্লাবন বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে সন্ধের পরে ও যখন অফিসের চেম্বারে কিংবা অন্য কোথাও নির্জনে বসে থাকে, তখনই হঠাৎ ওর সামনে এসে দাঁড়ায় কোমর থেকে শরীরের উপরের অংশ কাটা এক পুরুষ শরীর। ও পারতপক্ষে তাই একা থাকতে চায় না। সন্ধের আগে আগে বেরিয়ে পড়তে চায়। কিন্তু সব সময় সেটা হয়েও ওঠে না। অফিসের কাজ যেদিন বেশি থাকে সেদিন ফিরতে রাত হয়ে যায়। মাথার ভিতরে নিরন্তর এই দৃশ্যপট ঘুরতে থাকে।
মনে হয় ও পাগল হয়ে যাবে।
রাতে আলো নিভিয়ে শুলে মনে হয় মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। কাউকে বলতে পারে না। বন্ধুরা শুনলে হাসাহাসি করতে পারে। এই বয়সে ভূতের ভয় পাচ্ছে শুনতে পারলে অফিসে কাজ করা দায় হয়ে উঠবে। বিশেষ করে মহিলা কলিগরা রীতিমতো খিল্লি করবে ওকে নিয়ে। কী যে অসহনীয় অবস্থায় দিন কাটাচ্ছে সে শুধু ও-ই জানে।
আজকাল একা না থাকলেও দেখতে পায়। অফিস, মিটিং, কোনও উৎসব-অনুষ্ঠানে গেলে একটু রাত করে বাড়ি ফিরলে রাস্তায় ঠিক ওর গাড়ির সামনে হাজির হচ্ছে অর্ধকাটা মূর্তি।
সেদিন ও ক্লায়েন্টের সঙ্গে মিটিং করে একটা ক্যাব বুক করে ফিরছে। বাইপাস ধরে আসার পথে হঠাৎ সাদা রঙের ইন্ডিকা দাঁড়িয়ে পড়ল। ও মোবাইলে একটা জিনিস দেখছিল। চোখ তুলে তাকাতেই চমকে উঠল। তখনই নজরে পড়ল ঠিক ওর সামনে ড্রাইভারের সিটে নিশ্চল ভঙ্গিতে বসে আছে সেই মূর্তি।
ও কোনওমতে দরজা খুলে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরেছিল।
মনে আছে বেশ কিছুদিন আগে সেদিন ওর একজন অফিস কলিগের মেয়ের বিয়ে ছিল। মোমিনপুরের দিকে একটি রাজবাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। আলোয় ঝলমল করছে। প্রচুর লোক নিমন্ত্রিত হয়ে এসেছেন। দুই জায়গায় খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর রকম আইটেম। প্লাবনের অন্য কলিগেরাও এসেছে। সকলে দারুণ মজা করছে। প্লাবনের খাওয়া প্রায় শেষের দিকে। স্টার্টার এবং মেন কোর্স খাওয়া হয়ে গেছে। এবারে একটা ছোট প্লেট নিয়ে ও এগিয়ে গেল ডেজার্ট কাউন্টারের দিকে। ঠিক তখনই একজন ওকে ডাকল। বাইরের দিকে বাগানের কোণে ডেকে নিয়ে এল। এদিকটা বেশ অন্ধকার। ওয়েটার ছেলেটা বলল, ‘স্যরের কী জরুরি কথা আছে তাই ডাকলেন।’ প্লাবন প্লেট রেখে এগিয়ে গেল।
কই, কেউ তো নেই!
হঠাৎ লক্ষ্য করল সেই মূর্তি ওর সামনে।
প্লাবন টাইলস বসানো মেঝের উপরে সশব্দে পড়ে গেল। পাশেই ছিল একটা মাটির মূর্তি। সেটা পড়ে ভেঙে গেল।
কথাটা কানে যেতেই ওর কলিগরা ছুটে এল।
চোখে-মুখে জল দিয়ে সুস্থ করলে ওকে বাকিটা খেতে অনুরোধ করল।
প্লাবন বুঝতে পারল ওর কিছু মুখে ঢুকবে না।
এক্ষুণি যদি রওনা না দেয় তাহলে অনেক কিছুই ঘটে যেতে পারে। তাছাড়া এই মুহূর্তে খাওয়ার মতো মানসিকতা নেই। মাথার ভিতরে গুলিয়ে উঠছে। আনচান করছে শরীর। প্লাবন কাউকে কিছু না বলে সেই মুহূর্তে বিয়েবাড়ি থেকে বেরিয়ে এল। আজ ইচ্ছে করেই গাড়ি আনেনি। আজকাল ভয় হয়, মনে হয় রাতে তাকে দেখে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। বাইরে এসে একটা রানিং ট্যাক্সি দাঁড় করাল। মা ফ্লাইওভার ধরে দ্রুত এসে ভিআইপিতে উঠল।
আজ যেন পথঘাট বেশ নির্জন মনে হচ্ছে। এই সময়ে তো অজস্র গাড়ি চলাচল করে। বেশ শীত পড়েছে তাই কি?
বেশ কিছুটা পথ চলার পরে গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে গেল। জায়গাটা বেশ নির্জন। চালক নীচে নেমে গেলেন। তারপরে বনেট খুলে এটা-সেটা নেড়ে বললেন, ‘যাহ ব্যাটারি ডাউন। একেবারে বসে গেছে।’
-কী করা যাবে?
-সেটাই তো ভাবছি। আপনি না হয় অন্য গাড়িতে যান। এখন কোম্পানিতে ফোন করতে হবে। তারা নতুন ব্যাটারি কখন নিয়ে আসবে, সে বহুক্ষণের ব্যাপার।
-কিন্তু এত রাতে এমন জনহীন জায়গায়…
‘কী করব বলুন, আমিও তো অসহায়।’ কথাটা বলে লোকটা গাড়িটা লক করে এগিয়ে গেল।
প্লাবন সেই জনহীন রাস্তার উপরে দাঁড়িয়ে ভাবতে লাগল আবার ক্যাব বুক করবে। তাছাড়া আর কোনও উপায় নেই। পাশ দিয়ে কয়েকটা গাড়ি ছুটে গেল। ও হাত উঁচু করল। ওকে পাত্তা দিল না। মনে হল প্রাইভেট। বেশ কয়েকবার হাত উঁচু করে থামানোর চেষ্টা করল, বিফল হল। এদিকে সেই ট্যাক্সিচালকের আর দেখা নেই। গাড়িটা রাস্তার এক পাশে পড়ে আছে নিশ্চল পাথরের মতো। প্লাবন ক্যাব বুক করতে যাচ্ছে, প্রতিবার ক্যানসেল হচ্ছে।
এদিকে রাত বাড়ছে।
এমন সময়ে ও লক্ষ্য করল গাড়িটা ক্যাঁচ করে শব্দ করে উঠল। ঘ্যারর-ঘ্যারর ইঞ্জিনের শব্দ হল। একটু এগিয়ে গেল সামনের দিকে। আস্তে আস্তে চলতে শুরু করেছে।
প্লাবন চিৎকার করতে করতে এগিয়ে গেল— এই, দাঁড়াও দাঁড়াও, আমি যাব।
বলতে বলতে দ্রুত গাড়িটার কাছে এল এবং পিছনের দরজা হ্যাঁচকা টান দিতেই খুলে গেল।
ও কোনও কথা না বলে দ্রুত গাড়ির পেটে সেঁধিয়ে গেল।
মনে মনে ভাবল, কী আশ্চর্য, এ কেমন লোক? জানে এত রাতে আমি কোনও গাড়ি পাচ্ছি না।
খুব রাগ হল প্লাবনের। যাই হোক, ভিতরে ঢুকতেই খুব দ্রুত চলতে শুরু করল গাড়িটা। যেন ঝড়ের বেগে ছুটছে। রাস্তা ফাঁকা বলা যেতে পারে। কিন্তু এ তো মনে হচ্ছে উড়ে যাচ্ছে।
‘আস্তে ভাই, একটু আস্তে চালাও…’ কথাটা বলতে বলতে প্লাবন হঠাৎ খেয়াল করল চালকের সিটে যে বসে আছে তার কোমরের ঊর্ধ্বাংশ নেই।
এ তো সেই কাটা লোকটা! প্লাবনের শরীর বেয়ে হিমস্রোত বইছে। কী করবে এখন! ও গাড়ির লক খুলে নীচে নামার চেষ্টা করতে গিয়ে দেখল লক খুলছে না। কাচ তোলা। চিৎকার করে কাউকে ডাকবে, সেই পথ বন্ধ!
প্লাবনের শরীরে তীব্র কাঁপুনি শুরু হল। ও গায়ের জোরে পিছনের দরজা ঠেলতেই সেটা খুলে গেল আর প্লাবন হুমড়ি খেয়ে নীচে গড়িয়ে পড়ল।
মাথায় বড্ড লেগেছে। ও আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করল।
প্লাবনের মনে পড়ে গেল কয়েক বছর আগের কথা। সেদিন জার্নালিস্টস ক্লাবে একটা রিসেপশন পার্টি ছিল। রাতে খাওয়াদাওয়া সেরে ফিরছে। নিজেই ড্রাইভ করছে। উড়ালপুল ধরে আসছিল। ব্রিজের উপরে উঠে মনে হল আজ একটু বেশিই খাওয়া হয়ে গেছে। শরীরটা গুলাচ্ছিল। মাথার ভিতরে একটা অস্বস্তি। বমি বমি ভাব। সেই সঙ্গে মনে হল চোখের সামনেটা কেমন একটু ঝাপসা হয়ে আসছে।
ওকে ভিআইপি ধরে ফিরতে হবে। মধ্যরাত। চারিদিক নিস্তব্ধ। দুই-চারটে লরি ওকে পাশ কাটিয়ে সাঁ-সাঁ করে বেরিয়ে গেল।
সামনে একটা বাইক চলছে। কেমন যেন চালাচ্ছে বেপরোয়াভাবে। একটা লাইন মেনটেন করে চলার কথা কিন্তু বাইকটা কখনও ডান দিকে গিয়ে কখনও বা বাঁ দিক দিয়ে ওভারটেক করছে। ঠিক সেই মুহূর্তে প্লাবনের পিছন দিক থেকে একটা গতিময় লরি বাইকের পিছনে সজোরে ধাক্কা মারল। কিছু বোঝার আগেই গাড়িটা চোখের সামনে থেকে অদৃশ্য হল।
প্লাবনের গাড়িটা ঠিক পিছনেই ছিল। ওর গাড়ির গতিও ছিল বেশ।
বাইকটা ছিটকে গেল রাস্তার এক দিকে। আর চালক ছিটকে পড়ল রাস্তায় একেবারে মাঝখানে। মুহূর্তের ভিতরে কী যে ঘটে গেল। প্লাবনের গাড়িটা সেই বাইকচালকের পেটের উপর দিয়ে চাপা দিয়ে বেরিয়ে গেল।
সেকেন্ডের ভিতরে এমন ঘটনা ঘটে গেল। ঘটে যাওয়ার পরে তাঁর হুঁশ হল।
প্লাবন যখন বুঝতে পারল ছেলেটিকে সে চাপা দিয়ে বেরিয়ে গেল তখন তার শরীরজুড়ে জ্বর নেমে এল।
ভয়ে কাঁপুনি শুরু হয়েছে। একটা মানুষকে ও চাপা দিয়ে মেরে ফেলল! প্রবল তাপে যেন পুড়ে যাচ্ছে শরীর। সঙ্গে প্রবল কাঁপুনি। এতদিন ড্রাইভ করেছে, কখনও তো এমন হয়নি। থরথর করে কাঁপছে। কিছুতেই স্টিয়ারিং ধরে রাখতে পারছে না। সেই সঙ্গে বুকের ভিতরে তখন দমাদ্দম হাতুড়ি পিটছে। ব্রহ্মতালু ফুঁড়ে যেন আগুন ছুটছে। এই শীতেও শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। বাইরে শীতের দামাল বাতাস রাজপথ দিয়ে ছুটে গেল। এখন আর থামাথামি নেই। ট্রাফিকের চোখে পড়লে জেল নয়তো ফাঁসি। লরিচালক তো মেরে বেরিয়ে গেছে। তারপরে ওর গাড়ি চাপা দিল। হিসেব মতো সে-ও ছেলেটির মৃত্যুর কারণ। কারণ সে তখনও জানে না যে ছেলেটি আদৌ বেঁচে ছিল কি না। বাকি পথ প্লাবন যে কীভাবে এল বলতে পারেনি।
এই ঘটনার পরে প্লাবন বেশ কিছুদিন অফিসে যেতে পারেনি। ঘরেই ছিল। কারও সঙ্গে কথা বলত না। সারারাত ঘুম আসত না। চোখ বন্ধ করলেই সেই দৃশ্য দেখতে পেত। রাতের পর রাত না ঘুমিয়ে সে জেগে বসে থাকত আর আকাশ-পাতাল ভাবত। কাউকে বলতে পারেনি ওর এই অ্যাক্সিডেন্টের কথা। প্রবল ভয় আর আতঙ্ক ওকে গ্রাস করেছে তখন। প্লাবনের ভিতরে ভয়, অপরাধবোধ মিলে এক গভীর অবসাদের জন্ম দিল। এর কিছু দিন বাদে প্লাবনের ভিতরে এই সমস্যাটার উদয় হল। প্রথমে রাতের দিকে একা হয়ে গেলে দেখতে পেত ঊর্ধ্বাংশ কাটা একটি তরুণ তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে।
পরের দিকে এই দৃশ্য ঘন ঘন হতে লাগল। আজকাল তো আলো নিভে গেলে, অন্ধকার পথে, পাহাড়ে ঘুরতে গেলে, নির্জন রিসর্টে প্রায় সময়ে সে এসে উদয় হয়। তবে কখন যে উদয় হবে বলা যায় না। চুপচাপ প্লাবনের সামনে এসে দাঁড়ায়।
এই ঘটনার মাস ছয়েক আগে প্লাবন রাজারহাটে একটা ফ্ল্যাট কিনেছিল। বাড়ি থেকে অফিস অনেকটা পথ, তাই ও এখানেই বাস করছিল। এই ঘটনার পরে সে আর একা ফ্ল্যাটে থাকতে ভরসা পাচ্ছে না। বিরাটির বাড়িতে ফিরে এসেছে। এখন এখান থেকেই সে যাতায়াত করে।
সেদিন বেড়াতে বেরিয়েছিল বহু দিন বাদে। লং ড্রাইভে যায় না বহুকাল। কী মনে হল ফুল ট্যাংক পেট্রোল ভরে বেরিয়ে পড়ল। প্রায় তিন ঘণ্টা পথ পেরিয়ে এসেছে। সমতল ছাড়িয়ে পাহাড়ি পথে এগোচ্ছে। বেশ নির্জন রাস্তা ধরে যাচ্ছিল। বিকেল গড়িয়ে গেছে। পাইন, সিডার গাছগুলো যেন অশরীরী ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে আছে।
সামনে একটা হেয়ারপিন বাঁক। এক একটা বাঁক পেরোচ্ছে আর অনেকটা উপরে উঠে যাচ্ছে। এই বাঁকটা বেশ চড়াই। ও উপরের দিকে উঠেছে কিছুটা, স্টিয়ারিং ঘোরাচ্ছে, এমন সময়ে ওর গাড়ির ক্লাচ কেটে গেল। গাড়িটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। ভাগ্যিস স্পিড কম ছিল। এলোপাতাড়ি চলার পরে একটা সিডার গাছে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে অতলস্পর্শী খাদ! গাড়িটা এমন জায়গায় এসে স্থির হয়ে গেল, যেদিক থেকে নীচে নামার অবস্থায় নেই। ও বাঁ দিক থেকে নামার চেষ্টা করতে লাগল।
ঠিক এমন সময়ে গাড়ির বাঁ দিকে এসে দাঁড়াল সেই মূর্তিমান বিভীষিকা। চমকে উঠল প্লাবন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ও জানে চার-পাঁচ কিলোমিটারের ভিতরে কোনও জনবসতি নেই। প্লাবন গাড়ির ভিতরে বসে নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে লাগল। কিন্তু পারল না। দেখল সেই পা দুটো গাড়ির কাচ ভেদ করে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করল। তারপর দুই পা দিয়ে তার ঘাড়ে চেপে বসল। প্লাবনের মাথাটা স্টিয়ারিংয়ের উপরে ঝুঁকে পড়ল। দুই পা দিয়ে সজোরে তার গলা চেপে ধরল। দম বন্ধ হয়ে আসছে প্লাবনের। ও আপ্রাণ চেষ্টা করছে ছাড়ানোর। কিন্তু কিছুতেই পারছে না।
খুব সামান্য সময় লাগল প্লাবনের শরীরটা অসাড় হতে। অনিকেত সন্ধ্যা ঘনিয়ে এল। গাড়িটা রাস্তা ছেড়ে তখন খাদের দিকে গড়িয়ে যাচ্ছে।

