উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেরিকার এক ডেপুটি শেরিফের ছেলের গুলিতে প্রাণ গেল দুজনের।ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৫ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। সূত্রের খবর, এখানকার এক বিশ্ববিদ্যালয়ে এদিন এলোপাথাড়ি গুলি চালায় ওই ২০ বছর বয়সি বন্দুকবাজ। এরপর পুলিশ ও নিরাপত্তাকর্মীদের ছোড়া পালটা গুলিতে আহত হয় সে। জানা গিয়েছে, অভিযুক্ত তরুণের নাম ফিনিক্স ইকনার। ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া ছিল সে। তবে কী কারণে এদিন সে গুলি চালায় তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, অভিযুক্ত তরুণের মা শেরিফের অফিসে ১৮ বছর ধরে কর্মরত রয়েছেন। ওই তরুণও শেরিফের দপ্তরে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফলে তাঁর হাতে বন্দুক যাওয়া কোনও অবাক হওয়ার মত বিষয় নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। বর্তমানে আহত অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটার পর বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বন্দুকবাজের গুলিতে মৃত দুই ব্যক্তি ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নয় বলেও জানা গিয়েছে।
