মোবাইলে মাটি ছিটিয়ে খেত পরীক্ষা! মোদির মন্তব্যে কটাক্ষ ‘আরশোলাদের’, সত্যিটা কী?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে ‘কিসান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স’-এ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি রাসায়নিক সারের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণায় উদ্বুদ্ধ করেন দেশের কৃষকদের। প্রাকৃতিক চাষের পক্ষে জোরালো সওয়াল করেন। এইসঙ্গে জানান, মাটির চরিত্র বুঝে সার ব্যবহার করতে হবে। আজকের দিনে সহজ প্রযুক্তিও রয়েছে। তিনি বলেন, ‘‘এখন মাটি পরীক্ষার জন্য এমন প্রযুক্তি বেরিয়েছে যে আপনি মোবাইলের উপরে মাটি রেখে দিন, মোবাইল আপনাকে জানিয়ে দেবে মাটির গুণমানের কথা।’’ সমাজমাধ্যমে মোদির ভাষণের এই অংশ পোস্ট করে ঠাট্টা-তামাশা শুরু করছেন ককরোচ জনতা পার্টির নেত-কর্মী এবং নেটিজেনদের একাংশ। প্রশ্ন হল, সত্যিই কি এমন কোনও প্রযুক্তি রয়েছে?

মাটিই আদতে চাষের আঁতুরঘর। সে সব কিছুর হিসাব রাখে। প্রতি বর্ষার জল, প্রতি মরশুমের ফসল এবং জমিতে ছড়ানো প্রতি বস্তা ইউরিয়ার ইতিহাস— নাইট্রোজেন, ফসফরাস ও কার্বনের সূক্ষ্ম সমীকরণও মাটির বুকে লেখা থাকে। সমস্যা হল, সেই নীরব ভাষার পাঠোদ্ধার করা সব সময় সম্ভব হয় না। ১২ নভেম্বর ভারত মণ্ডপমের ভাষণে এই সমস্যারই সমাধানের পথ দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদীর কথায়, “এখন মোবাইল ফোনের মাধ্যমেই মাটি পরীক্ষার ব্যবস্থা তৈরি হচ্ছে।” তিনি আরও জানান, কৃষকরা সামান্য মাটি একটি মোবাইল-ভিত্তিক যন্ত্রে রাখবেন এবং মুহূর্তের মধ্যে ফোনে রিপোর্ট চলে আসবে।

আরও পড়ুন:

এই রিপোর্টই কৃষককে বলে দেবে—- ওই মাটি কোন ফসলের উপযোগী, কতটা সারের প্রয়োজন এবং কী ধরনের সার দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা পরিচালিত এবং সেন্সর-ভিত্তিক এই যন্ত্রগুলি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নাগালের মধ্যেই থাকবে বলে আশ্বাস দিয়েছেন মোদি। ভারতের গবেষণাগার এবং স্টার্টআপগুলিতে ইতিমধ্যেই এই ধরনের প্রযুক্তির রূপরেখা তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে কটাক্ষ করা হলেও বাস্তবেই এমন প্রযুক্তি তৈরি করে ফেলেছেন আইআইটি বম্বের গবেষকরা।

আরও পড়ুন:

পুণের বিজ্ঞানী ডঃ রাজুল পাটকর তৈরি করেছেন ‘নিউট্রিসেন্স’ (NutriSens)। নীতি আয়োগের ফ্রন্টিয়ার টেক হাবের তথ্য অনুযায়ী, মাত্র এক গ্রাম মাটি ব্যবহার করে পাঁচ মিনিটেরও কম সময়ে ছ’টি প্রধান উপাদান পরীক্ষা করে মোবাইল অ্যাপে রিপোর্ট দেয় এই যন্ত্র। ইতিমধ্যে অসম, পঞ্জাব ও রাজস্থান-সহ আটটি রাজ্যের প্রায় ১০ থেকে ১৫ হাজার কৃষক এটি ব্যবহার করছেন। এর ফলে পরীক্ষার খরচ ৫০০ টাকা থেকে কমে ৩০০ টাকায় নেমেছে। অন্যদিকে গ্রামীণ মহিলারাও কমিউনিটি সয়েল টেস্টার হিসেবে আয় করছেন। অন্যদিকে আইআইটি কানপুর তৈরি করে ফেলেছে ‘ভূ-পরীক্ষক’ যন্ত্র। যেটিতে কোনও রাসায়নিক লাগে না। ৫ গ্রাম শুকনো মাটির ওপর মানুষের চোখে অদৃশ্য ‘নিয়ার-ইনফ্রারেড’ আলো ফেলে মাত্র ৯০ সেকেন্ডে ব্লুটুথের মাধ্যমে ফোনে রিপোর্ট মেলে। এছাড়াও ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জয়পুরে চালু হয়েছে ‘ভারত-বিস্তার’ নামের একটি কৃষি সংক্রান্ত অ্যাপ। চ্যাটবট, ‘ভারতী’ নামক ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ১৫৫২৬১ হেল্পলাইনে ফোন করেও কৃষকরা আবহাওয়া, বাজারদর ও মাটি সংক্রান্ত তথ্য পাচ্ছেন।

বিশেষজ্ঞদের বক্তব্য, মোবাইলের স্ক্রিনের উপরে মাটি দেওয়ার বিষয়টি আক্ষরিক অর্থে বলতে চাননি মোদি। বরং একটি বিশেষ যন্ত্রের কথা তিনি বলতে চেয়েছেন। যেটি মোবাইল অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত। ওই পরীক্ষাযন্ত্রে মাটি রাখলে অ্যাপের মাধ্যমে আপনি মাটির গুণমানের কথা জানতে পারবেন। সেখানে কী কী সার প্রয়োজন সে বিষয়েও বিশদ তথ্য জানা যাবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *