‘মউত সে ক্যায়া ডরনা’, চিনি সেনার লালচোখ উপেক্ষা করে ‘মাতৃভূমি’র জন্য লড়াই ‘ভাইজানে’র, প্রকাশ্যে ট্রেলার

স্বাস্থ্য/HEALTH
Spread the love


‘মউত সে ক্যায়া ডরনা’। গালওয়ানের শীতল বরফের কোলে চিনি সেনার লালচোখ উপেক্ষা করে ভাইজানের দাঁতে দাঁত চেপে লড়াই। পরক্ষণেই স্ত্রী’র সঙ্গে রোম্যান্স, সন্তানদের সঙ্গে খুনসুটি। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে সলমন খান একাধারে আদর্শ সেনাকর্তা এবং আদর্শ ফ্যামিলি ম্যান। ট্রেলারে ছবির টানটান চিত্রনাট্যের ঝলক। সেই সঙ্গে মিলল দুর্ধর্ষ সব ফাইট সিকয়েন্সের পূর্বাভাসও।

কখনও বেজিংয়ের আপত্তি, কখনও সিনেমার নাম বদল, এযাবৎকাল নানাবিধ জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিকে। এই সিনেমা চাক্ষুষ করার জন্য বহুদিন ধরে প্রতীক্ষার প্রহর গুণছেন ভাইজান ভক্তরা। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে এযাবৎকাল নানা টালবাহানার মধ্য দিয়ে যেতে হচ্ছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’, থুড়ি ‘মাতৃভূমি’ নির্মাতাদের। তবে শেষমেশ ভাইজানের কপাল খুলেছে। আগামী ডিসেম্বর মাসের ৪ তারিখ রিলিজ করছে ‘মাতৃভূমি’। আর মঙ্গলবারই সেই ছবির ৪ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করেছেন নির্মাতারা।

আরও পড়ুন:

ট্রেলারে ভাইজানকে চেনা অবতারেই পেয়েছেন ভক্তরা। কখনও তিনি অ্যাকশনে, কখনও তিনি স্বভাবসিদ্ধ ‘রংবাজি’তে, কখনও তিনি রোম্যান্টিক স্বামী, কখনও দায়িত্ববান বাবা। কিন্তু বহুবিধ চরিত্রের রুপায়ণ সলমনের অভিব্যক্তিতে কতটা প্রকাশ পাবে, সেটা সময় বলবে। ট্রেলারেই ইঙ্গিত মিলেছে, চিনা সেনার সঙ্গে জোরদার মল্লযুদ্ধে নামতে হবে ক্যাপ্টেন বিকুমাল্লা সন্তোষ বাবুকে (সলমন)। গুটিকয়েক ভারতীয় সেনা জওয়ানের সঙ্গে হাজার হাজার চিনা ফৌজের অসম লড়াই শেষে কীভাবে মাতৃভূমির সম্মান রক্ষা করবেন সলমনরা, সেইটিই ছবির প্রতিপাদ্য বিষয়। কিন্তু ট্রেলারে খুব বেশি নাটকীয়তার ইঙ্গিত নেই, ব্যাগগ্রাউন্ড স্কোর ভালো, সলমনের স্ত্রীর ভূমিকায় প্রথম ঝলকে নজর কেড়েছেন চিত্রাঙ্গদা সিংও। তবে ছবির কেন্দ্রে ভাইজান কতটা প্রত্যাশাপূরণ করতে পারবেন, সেটার উপরই নির্ভর করবে মাতৃভূমির ভাগ্য।

গত বছর ২৭ ডিসেম্বর ভারতীয় সেনাজওয়ানের জয়গান গেয়ে বহু প্রতীক্ষিত ‘ব্যাটল অফ গালওয়ান’-এর টিজার প্রকাশ্যে এনেছিলেন সলমন। আর সেই ঝলক দেখেই রে-রে করে ওঠে জিনপিং সরকার। ছবির ঝলকে ভারতীয় সুপারস্টারের হাতে সেই লাল ফৌজ নিধন দেখেই ফুঁসে উঠেছিল বেজিং। চিন দাবি করেছিল, “বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।” শুধু তাই নয়, চিনা সংবাদমাধ্যমে সলমনের সিনেমাকে ভারতের জাতীয়বাদ উসকানির ‘অস্ত্র’ বলেও কটাক্ষ করা হয়েছিল। চিনা আপত্তিতে ছবিটিকে শুরুর দিকে এনওসি দেয়নি প্রতিরক্ষামন্ত্রকও। শোনা যায় পরে ছবির প্রায় ৪০ শতাংশ দৃশ্য নতুন করে শুট করতে হয় সলমনকে। অনেক যুদ্ধের দৃশ্য বাদ দিয়ে রোম্যান্সের দৃশ্য ঢোকাতে হয়। ট্রেলারেও সেটা বেশ বোঝা গিয়েছে। তবে ট্রেলারে ভাইজানের মুখের চোখা সংলাপ এবং অ্যাকশন দৃশ্যগুলি সলমন ভক্তদের আশাবাদী করতেই পারে।

 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *