বাইপাস অস্ত্রোপচারের পর মস্তিষ্কে স্ট্রোক, তারপর থেকে একের পর এক শারীরিক জটিলতা। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ, সেপটিক শক থেকে শুরু করে একাধিক অঙ্গ বিকল হওয়ার পরিস্থিতি। বর্তমানে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী ৭২ বছরের উজ্জ্বল বিশ্বাস। কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলছে ডায়ালিসিস। কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে মঙ্গলবার চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমনকী তাঁর সামগ্রিক রোগমুক্তির সম্ভাবনাও অত্যন্ত কম বলে জানান চিকিৎসকরা।
হাসপাতালের চিকিৎসকদের দেওয়া তথ্য (মেডিক্যাল রিপোর্ট) অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর অন্য একটি হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসের বাইপাস অস্ত্রোপচার হয়। হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লকেজ থাকায় এই অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু অস্ত্রোপচারের পর হৃদযন্ত্র থেকে সৃষ্ট রক্তজমাটের কারণে মস্তিষ্কে স্ট্রোক হয় তাঁর। এরপর থেকেই একের পর এক শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। গত ১৮ অক্টোবর নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণ নিয়ে তাঁকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণ গুরুতর আকার নেওয়ায় সেপটিক শক এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার পরিস্থিতি তৈরি হয়। কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে তাঁকে ডায়ালিসিসের সাহায্য নিতে হচ্ছে।
আরও পড়ুন:
চিকিৎসকদের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে উজ্জ্বল বিশ্বাসকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। শ্বাসপ্রশ্বাসের সুবিধার জন্য তাঁর গলায় ট্র্যাকিওস্টমি করা হয়েছে। পাশাপাশি চলছে হেমোডায়ালিসিস। একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ক্রিটিক্যাল কেয়ার টিমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য, রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক এবং সামগ্রিক সুস্থতার সম্ভাবনা খুব কম।
জানা যায়, গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন মন্ত্রী। হৃদ্যন্ত্রের সমস্যার কারণে বাইপাস অস্ত্রোপচারের পর প্রায় ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর বাড়ি ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছিল। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে। এরপর ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা কমতে থাকে এবং শরীরের অন্যান্য অঙ্গেও জটিলতা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে গলায় অস্ত্রোপচার করে শ্বাসপ্রশ্বাসের বিশেষ ব্যবস্থা করেন চিকিৎসকরা।
উজ্জ্বল বিশ্বাসের শারীরিক অবস্থা নিয়ে ইতিমধ্যে সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। উজ্জ্বল বিশ্বাসের অসুস্থতার পিছনে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিকেও দায়ী করেন তিনি। তাঁর অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর প্রাক্তন মন্ত্রীকে অপমান করা হয়েছিল। সেই ধাক্কা তিনি শারীরিক ও মানসিকভাবে সামলাতে পারেননি। যাঁরা তাঁকে নিগ্রহ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান কুণাল।
মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসকে দেখতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও। মিথ্যা অভিযোগে উজ্জ্বলকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল বলে অভিযোগ তাঁর। এই বয়সে তাঁকে একা সেলে থাকতে হয়েছিল বলেও জানিয়েছিলেন সাংসদ। উজ্জ্বল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করে কৃষ্ণনগরবাসী, নদিয়াবাসী এবং বাংলার সর্বস্তরের মানুষের কাছে প্রার্থনার আবেদন জানান তিনি। দলমত নির্বিশেষে সকলকে তাঁর সুস্থতা কামনা করার অনুরোধ করেন মহুয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
