ডুগ্গু, ডাব্বু আর গুড়িয়া – তিন খুদের এখন ভীষণ ব্যস্ততা। মেয়ের বিয়ে যে! জামাই বরণের তোড়জোড় বাড়িতে। মেয়ের গয়নাগাটি, শাড়ি, পোশাক, বিয়ের যৌতুক থেকে শুরু করে লোক নিমন্ত্রণ, ছোট্ট হাতে তারাই সামলাচ্ছে সবটাই। আগামী ২৭ নভেম্বর, অর্থাৎ ১০ অগ্রহায়ণ, তাদের আদরের মেয়ে ফুলটুসির বিয়ে। পাত্র পাশের পাড়ার শশীভূষণ। সুকুমার রায়ের ‘সৎপাত্র’ কিনা জানা নেই, তবে মেয়ের বিয়ে ঘিরে স্বপ্নে বিভোর তিন কন্যে। মুর্শিদাবাদের বহরমপুরে ওয়াইএমের মাঠ সংলগ্ন একটি আবাসনে আগামী শুক্রবার আড়ম্বর সহকারে অনুষ্ঠিত হতে চলেছে ‘পুতুলের বিয়ে’। ফাইভ-জি মোবাইলের যুগে হারিয়ে যাওয়া ‘মেয়েবেলা’কে আবার খুঁজে পেতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বহরমপুরের মুখোপাধ্যায় পরিবার।

আরও পড়ুন:
আজকের দিনে খুদেরা যখন মাঠবিমুখ হয়ে পড়ে, শুধুমাত্র মোবাইলের মধ্যেই নিজের জগৎ খুঁজে পায়, সেই সময় দাঁড়িয়ে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলার মাধ্যমে নিজেদের মেয়েবেলাকে আবার ফিরে পাওয়ার এক প্রচেষ্টা এই খুদেদের অভিভাবকদের। মেয়ের গায়ের গয়নায় ন’লখা হার, মানতাসা, নূপুর থেকে শুরু করে বেনারসি শাড়ি, মুকুট, বিয়ের যৌতুক সহকারে হাঁড়ি-বাসন, খাট-বিছানা, আলমারি কোনও কিছুর আয়োজনে নেই কোনও খামতি। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের মন্ত্র পাঠ, যজ্ঞ হবে। তারপরে থাকছে পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়ে গিয়েছে ডিজিটাল নিমন্ত্রণ পত্র। খাবারের মেনুতেও রয়েছে এলাহি আয়োজন।

একসময় অগ্রহায়ণ-পৌষ মাসে গ্রাম বাংলায় পুতুলের বিয়ে দেওয়া হতো। গ্রামের ছোট ছোট মেয়েরা করত সমস্ত আয়োজন, আর ছেলেরা থাকত বরযাত্রী হিসেবে। এখন আর সেই দিন নেই, তবে বহরমপুরের মুখোপাধ্যায় পরিবারের এই আয়োজন মনে করিয়ে দিল, শৈশব এখনও বেঁচে আছে। এই পুতুলের বিয়ের মূল উদ্যোক্তা অঙ্কিতা মুখোপাধ্যায় জানান, ‘‘আমরা ছোটবেলায় পুতুলের বিয়ে দিতাম। নিজেদের টিফিনের পয়সা থেকে টাকা জমিয়ে সামর্থ্যমতো আয়োজন করা হতো। সারা পাড়া নিমন্ত্রিত থাকত আমাদের সেই ছোট্ট আয়োজনে। তবে ছোট্ট হলেও তার মধ্যে আন্তরিকতা ছিল অসীম। কিন্তু আজকালকার বাচ্চাদের মোবাইল থেকে মুখ তোলার ফুরসত নেই। স্কুল, টিউশন আর মোবাইল – এই তাদের দুনিয়া। পুতুল খেলা যে কী জিনিস, তারা তাই জানে না। নিজেদের মেয়েবেলার সঙ্গে বাচ্চাদেরকে একাত্ম করার জন্যই এই ‘পুতুলের বিয়ে’র আয়োজনের কথা মনে হল।”
সত্যিই, পুতুলের বিয়ে শুধু একটা খেলা নয়। এর মধ্যে লুকিয়ে আছে বাংলার সংস্কৃতি, সামাজিক শিক্ষা, আর শৈশবের নির্মল আনন্দ। এই খেলার মধ্যে দিয়েই ছোটরা শেখে অতিথি আপ্যায়ন, দায়িত্ব নেওয়া, মিলেমিশে কাজ করা, আর বাংলার বিয়ের রীতি-নীতি। ডুগ্গু, ডাব্বু আর গুড়িয়া এখন সারাদিন ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠেই তাদের প্রথম কাজ ফুলটুসিকে সাজানো। কোন শাড়িটা পরলে মেয়েকে বেশি ভালো লাগবে, কোন হারটা মানাবে, নোলকটা ঠিকঠাক বসছে কিনা – সব খুঁটিয়ে দেখছে তারা। জামাই শশীভূষণের পাঞ্জাবি, ধুতি, টোপর ঠিক আছে কিনা, সেদিকেও নজর তাদের।

তিনজনের মধ্যে কে হবে বড় শাশুড়ি, কে মেজ, কে ছোট – তা নিয়েও চলছে মিষ্টি ঝগড়া। কেউ বলছে, ‘‘আমি আগে ফুলটুসিকে কোলে নিয়েছি, আমি বড় শাশুড়ি।” আবার কেউ বলছে, ‘‘আমি ওর জামা বানিয়েছি, আমি বড়।” এই ঝগড়াঝাঁটির মধ্যেই যেন ফুটে উঠছে শৈশবের সারল্য। জানা যাচ্ছে, আগামী ২৭ নভেম্বর সকাল থেকেই শুরু হবে গায়ে হলুদ। হলুদ শাড়ি পরে, কাঁচা হলুদ বেটে, ফুলটুসিকে স্নান করাবে তিন শাশুড়ি। তারপর দুপুরে বিয়ের মূল পর্ব। পুরোহিত মন্ত্র পড়বেন, হবে সাতপাক, সিঁদুরদান, মালাবদল। শেষে পাত পেড়ে খাওয়াদাওয়া। মেনুও জবরদস্ত – ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাপড়, মিষ্টি, আইসক্রিম, পান। ইতিমধ্যেই ডিজিটাল নিমন্ত্রণ পত্র পৌঁছে গেছে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের কাছে। সেখানে লেখা – ‘ফুলটুসি ও শশীভূষণের শুভ বিবাহ’। নিমন্ত্রণপত্র দেখে অনেকেই হেসে ফেলছেন, আবার অনেকেই আবেগে ভাসছেন।
একদিন ডুগ্গু-ডাব্বু-গুড়িয়া বড় হয়ে যাবে, হয়তো মোবাইল-ল্যাপটপের দুনিয়ায় হারিয়ে যাবে। কিন্তু ১০ অগ্রহায়ণের এই ‘পুতুলের বিয়ে’ তাদের মনে থেকে যাবে চিরকাল। আর এভাবেই এক ‘পুতুলের বিয়ে’ থেকে আর এক ‘পুতুলের বিয়েতে’ বেঁচে থাকবে বাংলার মেয়েবেলা, বেঁচে থাকবে শৈশব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
