ভাইফোঁটার থালা সাজল না, উত্তর কাশীতে নিখোঁজ রতনের অপেক্ষায় দিদি লক্ষ্মীপ্রিয়া

স্বাস্থ্য/HEALTH
Spread the love


কাঠের উনুনে চাপানো ভাতের হাঁড়ি। আগুনের আঁচে জাল দিচ্ছেন মা বেদানা দেবী। পাশে বসে সবজি কাটছেন মেয়ে লক্ষ্মীপ্রিয়া। মুখ শুকনো। চোখেমুখে উৎসবের কোনও ছাপ নেই। বাড়ির এক কোনে বসে ভাই বাপন ঘোষ। এলোমেলো চুল, হাতে মোবাইল ফোন। বারবার ইন্টারনেট খুলে বরফে ঢাকা পাহাড়ের খবর খুঁজছেন। কোনও খবর এসেছে কিনা, কোথাও রতনের সন্ধান মিলল কি! মোবাইলের পর্দায় চোখ আটকে থাকলেও মন পড়ে রয়েছে বহু দূরের কেদারতালে। আজ ভাইফোঁটা। অথচ ঘরে নেই উৎসবের আয়োজন। নেই ফোঁটার থালা, নেই মিষ্টিমুখের ব্যস্ততা। উত্তরাখণ্ডের উত্তর কাশীতে ঘুরতে গিয়ে এখনও নিখোঁজ রতন ঘোষ। সঙ্গীদের দেহ আগেই উদ্ধার হয়েছিল। বাঁকুড়ার আচুরি গ্রাম পঞ্চায়েতের শালবনি গ্রামের ঘোষ পরিবারে এবার ভাইফোঁটা মানেই অপেক্ষা আর শূন্যতা।

ছোটবেলা থেকেই ভাইফোঁটার দিনটি ছিল লক্ষ্মীপ্রিয়ার কাছে বিশেষ। দুই ভাই বাপন ও রতনকে পাশাপাশি বসিয়ে ফোঁটা দিতেন তিনি। চন্দনের ফোঁটা, ধান-দূর্বা, মিষ্টিমুখ। ভাইদের সঙ্গে হাসি-ঠাট্টায় কেটে যেত দিন। গত বছরও ভাইফোঁটায় রতনকে কাছে পেয়েছিলেন। ভাইয়ের জন্য উপহার কেনা, বোনের কাছ থেকে ফোঁটা নেওয়া—সবই ছিল চেনা অভ্যাস। এবার সেই অভ্যাসে ছেদ পড়েছে। লক্ষ্মীপ্রিয়ার কথায়, “প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করতাম। দুই ভাইকে পাশাপাশি বসিয়ে ফোঁটা দিতাম। রতন আমাকে খুব ভালোবাসে। গত বছরও কত আনন্দ করেছিলাম। এবার ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হল না। জানি না, কোথায় আছে, কেমন আছে! শুধু চাই, ও ফিরে আসুক।”

আরও পড়ুন:

অন্যদিকে, মা বেদানা দেবীর কাছে সংসারের কাজকর্ম এখন যেন শুধুই অভ্যাস। কাঠের উনুনে ভাতের হাঁড়িতে জাল দিতে দিতে বারবার ছেলের কথা মনে পড়ছে। ছেলের পছন্দের খাবার রান্না করার দিনেও আজ মন সায় দিচ্ছে না। তবু রান্না করতে হয়। সংসার তো থেমে থাকে না। কিন্তু মায়ের মন পড়ে রয়েছে সেই বরফে ঢাকা পাহাড়ে। বেদানা দেবীর কথায়, “ভাইফোঁটার দিন ছেলেরা বাড়িতে থাকবে, মেয়ের হাতে ফোঁটা নেবে, এটাই তো চেয়েছিলাম। কত দিন হয়ে গেল রতনের মুখ দেখতে পাইনি। কখনও মোবাইলের দিকে তাকাই, কখনও দরজার দিকে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও।”

ভাই বাপনও মোবাইলের পর্দায় চোখ রেখে খুঁজে চলেছেন দাদার খবর। কখনও ইন্টারনেটে কেদারতালের খবর, কখনও উদ্ধারকাজের আপডেট। প্রতিটি নতুন খবরের মধ্যে খুঁজছেন রতনের নাম। কিন্তু কোনও খবরই যেন তাঁর অপেক্ষার অবসান ঘটাতে পারছে না। গ্রামের অন্য বাড়িতে যখন ভাইফোঁটার মিষ্টিমুখ, হাসি আর আনন্দ, তখন সালবনির এই বাড়িতে কাঠের উনুনের আগুন জ্বলছে ঠিকই, কিন্তু উৎসবের আলো নিভে গিয়েছে। বোনের হাতে ফোঁটার থালা নেই। মায়ের চোখে ছেলের ফেরার অপেক্ষা। আর ভাইয়ের হাতে মোবাইল ফোন। ইন্টারনেটের পর্দায় একটাই খোঁজ—রতন কোথায়?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *