বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বঙ্গকন্যা নবনীতা বন্দ্যোপাধ্যায়। ভারোত্তোলনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করতে চলেছেন নবদ্বীপের মেয়ে। আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর অমৃতসরে বসতে চলেছে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর। সেখানে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন নবনীতা। তবে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে নামার আগে তাঁর সামনে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সমস্যা। প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় এক লক্ষ টাকারও বেশি খরচ হবে বলে জানিয়েছেন বাংলার ভারোত্তোলক।
দীর্ঘদিন ধরে ভারোত্তোলনের সঙ্গে যুক্ত নবনীতার আন্তর্জাতিক স্তরে যাওয়ার সুযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রতিযোগিতা দেশের বাইরে হওয়ায় প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় শেষপর্যন্ত অংশ নিতে পারেননি। এবার ভারোত্তোলনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসছে ভারতের মাটিতে। আগামী ডিসেম্বরে অমৃতসরে ফের তাঁর সামনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছে।
আরও পড়ুন:

এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়ার পথ তৈরি হয় একাধিক প্রতিযোগিতায় সাফল্যের মাধ্যমে। কল্যাণীতে ফেডারেশন কাপ এবং উত্তরপাড়ায় আয়োজিত ‘অভিষেক ক্লাসিকে’ অংশ নেন নবনীতা। সেপ্টেম্বর মাসে উত্তরপাড়ায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতার পরই বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচন হয়। বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের পরই আসে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে নামার সুযোগ। ঘরে সারি সারি সাজানো নানা মেডেল, ট্রফি জানান দেয় নবনীতার সাফল্য অগুনতি। অল বেঙ্গল, ওপেন বেঙ্গল, ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেংথ লিফটিং-সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জিতেছেন তিনি। বাংলার হয়েও প্রতিনিধিত্ব করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বিশ্ব চ্যাম্পিয়নশিপের নির্বাচনের সঙ্গে যুক্ত একাধিক প্রতিযোগিতাতেই তিনি সাফল্য পেয়েছেন।

নবনীতার দাবি, নবদ্বীপ থেকে মহিলা হিসেবে তিনিই একমাত্র যে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে নির্বাচিত হয়েছেন। তবে সাফল্যের এই জায়গায় পৌঁছেও আর্থিক সমস্যার কারণে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাতায়াত, থাকা-খাওয়া এবং প্রতিযোগিতা সংক্রান্ত অন্যান্য খরচ মিলিয়ে এক লক্ষ টাকারও বেশি প্রয়োজন। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামীকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবনীতা। বিধায়ক সাহায্যের আশ্বাস দিয়েছেন। বঙ্গকন্যা জানাচ্ছে, সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন এবং সেই লক্ষ্যেই অনুশীলন চালিয়ে যাবেন। নবদ্বীপের এই প্রতিভাবান খেলোয়াড়কে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঠাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন উঠছে বিভিন্ন মহল থেকে। এখন দেখার সত্যিই আর্থিক বাধা কাটিয়ে বিশ্বমঞ্চে নবনীতা পৌঁছতে পারেন কি না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
