বর্ধমান: চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) সান্মানিক ডি-লিট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় (Burdwan College)। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে কোনও অভিনেতাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়নি। আচার্য তথা রাজ্যপালের অনুমোদনের পর আসন্ন সমাবর্তন মঞ্চে এই ডিগ্রি তাঁর হাতে তুলে দেওয়া হবে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শঙ্কর কুমার নাথ জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হবে। সেই অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি ছাড়াও রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে সফল পড়ুয়াদের সম্মাননা দেওয়ার পাশাপাশি মিঠুন চক্রবর্তীকে ডি-লিট এবং দুই অধ্যাপক ভূপেন্দ্রনাথ গোস্বামী ও জি পার্থসারথীকে সান্মানিক ডিএসসি (D.Sc) ডিগ্রি প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অতীতে চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে ডি-লিট প্রদান করা হলেও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে কোনও অভিনেতা এমন সম্মান পাননি। এর আগে ২০১৮ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শর্মিলা ঠাকুরকে এবং ২০১৭ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অমল পালেকরকে ডি-লিট দিয়েছিল। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করা প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিঠুন চক্রবর্তী এর আগে পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপে সমাবর্তনে নতুন মাত্রা যোগ হতে চলেছে বলে কর্তৃপক্ষ মনে করছে।
The put up বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার চলচ্চিত্র তারকাকে এই সম্মান, মিঠুন চক্রবর্তীকে দেওয়া হচ্ছে ডি-লিট appeared first on Uttarbanga Sambad.
