ফের টলিউডে শুটিং সেটে দুর্ঘটনা। কাজ করতে গিয়ে মৃত্যু হল এক টেকনিশিয়ানের। গিল্ড সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় জোকার একটি স্টুডিওতে কাজ করতে গিয়ে মৃত্যুমুখে পড়েছেন চন্দ্রকান্ত সোয়াইন নামে বছর বত্রিশের যুবক। তিনি টেকনিশিয়ান হিসেবে কাজ করছিলেন বলে খবর। চন্দ্রকান্তের আকস্মিক মৃত্যুতে বন্ধ হয়ে গিয়েছে কাজ। শোকস্তব্ধ গোটা টিম। কয়েকদিন আগে গ্যাংটকে একটি সিনেমার শুটিং করতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন টলিউডের এক লাইটম্যান। এবার টেকনিশিয়ানের মৃত্যুতে শুটিংয়ে কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল।
সূত্রের খবর, সম্প্রতি আসন্ন এক টেলিভিশন শোয়ের জন্য টেকনিশিয়ান হিসেবে কাজ করছিলেন কলকাতার বাসিন্দা চন্দ্রকান্ত। শুক্রবার সন্ধ্যায় জোকার স্টুডিওতে তিনি সেটে গিয়ে মইয়ে উঠে ফ্লেক্স লাগাচ্ছিলেন। আচমকাই মই থেকে পড়ে যান, ঘটনাস্থলে মৃত্যু হয়। প্রথমে অবশ্য সেটের বাকি কর্মীরা বুঝতে পারেননি যে চন্দ্রকান্তর প্রাণ নেই। তাঁরা দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান চন্দ্রকান্তকে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সহকর্মীদের অনুমান, উপরে উঠে ফ্লেক্স লাগাতে গিয়ে কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মৃত্যু হয়েছে চন্দ্রকান্তর। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন:
সেটে এই দুর্ঘটনার পর সমস্ত কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে প্রযোজনা সংস্থা সূত্রে খবর। তারা জানিয়েছে, মৃত টেকনিশিয়ান চন্দ্রকান্তর পরিবারের পাশে থেকে সাহায্য করা হবে। এই ঘটনায় ফের টলিউডের ইনডোর সেটে টেকনিশিয়ান ও অন্যান্য কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। যদিও প্রযোজকদের দাবি, তাদের তরফে পুরোপুরি সুরক্ষা নিয়েই কাজ করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
