প্রদেশ বিভাজনের পরিকল্পনার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ মিছিল, স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর দাবি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রদেশগুলিকে ভেঙে নতুন প্রশাসনিক অঞ্চল গঠনের পরিকল্পনার প্রতিবাদে সিন্ধু প্রদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার করাচিতে হাজার হাজার মানুষ পদযাত্রা করে প্রদেশ বিভাজনের যে কোনও উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন। বিক্ষোভ সমাবেশ থেকে স্বাধীন ‘সিন্ধুদেশ’ গঠনের স্লোগান দেওয়া হয়।

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ – পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান ভেঙে ১২ থেকে ১৫টি ছোট প্রশাসনিক অঞ্চল বা নতুন প্রদেশ গঠনের বিষয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে। বিশেষ করে করাচিকে সিন্ধু থেকে পৃথক করার গুঞ্জনের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পাক পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল (Ahsan Iqbal) এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif) এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন এবং ২০২৬ সালের শেষে গণভোটের সম্ভাবনা নিয়ে আলোচনার কথাও জানিয়েছেন।

এই প্রস্তাবের বিরুদ্ধে সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ’ (Jeay Sindh Muttahida Mahaz) এবং ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’-সহ বিভিন্ন রাজনৈতিক দল রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের অভিযোগ, সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir) ও পাঞ্জাব-কেন্দ্রিক শাসকগোষ্ঠী সিন্ধুর রাজনৈতিক ক্ষমতা খর্ব করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছে।

এদিকে, প্রদেশ বিভাজনের পরিকল্পনার বিরোধিতায় সিন্ধু সরকারও কঠোর অবস্থান নিয়েছে। সিন্ধু প্রাদেশিক পরিষদে বিভাজনের যে কোনও প্রস্তাবের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পাস করা হয়েছে। মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ (Murad Ali Shah) স্পষ্ট জানিয়েছেন, সিন্ধুর ঐতিহাসিক অখণ্ডতা নিয়ে কোনও আপস করা হবে না। তবে বিক্ষোভ তীব্র হলেও এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *