জলপাইগুড়িঃ জলপাইগুড়িতে যুব কংগ্রেসের (Youth Congress) কর্মীসভাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ সমীকরণে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলীয় নির্দেশ অমান্যের অভিযোগে সম্প্রতি পদ হারানো জেলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি নব্যেন্দু মৌলিক (Nabyendu Moulik) নিজেই এই সভার উদ্যোক্তা হিসেবে সকলকে আমন্ত্রণ পাঠিয়েছেন। আমন্ত্রণপত্রে নিজের পরিচয়ে নামের পাশে তিনি স্পষ্ট বন্ধনীতে উল্লেখ করেছেন ‘সাসপেন্ডেড’।
জলপাইগুড়ি শহরের বান্ধব নাট্য সমাজের প্রেক্ষাগৃহে শুক্রবার এই কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা। সংগঠন চাঙ্গা করার লক্ষ্যে এই সভায় উপস্থিত থাকবেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ (Sourav Prasad)। তবে কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক শাস্তির মুখে পড়া একজন নেতা কীভাবে এমন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভার মূল দায়িত্বে রইলেন, তা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, দলীয় নির্দেশ অমান্য করার কারণে গত ৪ নভেম্বর যুব কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব নব্যেন্দু মৌলিককে জলপাইগুড়ি জেলা সভাপতির পদ থেকে নিলম্বিত করেছিল। এরপরেও তাঁর এই সক্রিয়তা এবং প্রকাশ্যে এমন আমন্ত্রণ বার্তা ঘিরে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থানগত বিরোধ রয়েছে কি না, সেই চর্চাও রাজনৈতিক মহলে শুরু হয়েছে।
সমস্ত সমালোচনার মুখে নব্যেন্দু মৌলিক দাবি করেছেন, রাজ্য নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরই তিনি এই কর্মীসভা আয়োজনের দায়িত্ব কাঁধে নিয়েছেন। তাঁর কথায়, যদি এই পদক্ষেপে কোনও দলবিরোধী আচরণ হয়ে থাকে, তবে দল নিশ্চয়ই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। পদচ্যুত নেতার এমন প্রকাশ্য ভূমিকায় শুক্রবারের এই সাংগঠনিক সম্মেলনটি রাজনৈতিকভাবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

